ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রুত সুস্থ হয়ে উঠতে চিকিৎসার পাশাপাশি দশ দিন সম্পূর্ণ বিশ্রামের থাকার পরামর্শ দেয়া হয়েছে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরকে।
ওভাল টেস্টে ক্যাচ ধরতে গিয়ে আহত হওয়ার পর কিছুটা সুস্থ হলেও এখন আবার নতুন করে সমস্যায় ভুগতে হচ্ছে গম্ভিরকে। আহত কাঁধে এখনো ব্যাথা অনুভব করছেন তিনি।
ভারতে ফেরার পথে এমন কি বমিও করেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে খুব বেশি সময় শুয়ে না থাকার পরামর্শ দিয়েছেন।
ইংল্যান্ড সফরে বেশ ভুগতে হয়েছে গম্ভিরকে। প্রথম টেস্টে 'ফরোয়ার্ড় শর্ট লেগে' ফিল্ডিং করার সময় ম্যাট প্রায়রের সুইপ গিয়ে লাগে সরাসরি তার বঁ- কনুইয়ে। ওই কারণে ভারতের দ্বিতীয় পালায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার খেলা হয়নি। পঞ্চম দিন চার নম্বরে ব্যাট করেন।
স্ক্যানে ভাঙ্গার কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু প্রচণ্ড ব্যাথার কারণে খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে।
সিরিজের চতুর্থ টেস্টে পড়েছেন আরো বাজে পরিস্থিতিতে। সেবার ব্যাট করার আগেই আহত হন তিনি। অনেক উঁচুতে ওঠা একটি ক্যাচ ধরতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। দলের বিপদের কারণে ভারতের দুই পালায়ই নিচের সারিতে ব্যাট করেন তিনি।
ওই টেস্টে বল দেখতে তার বেশ সমস্যা হচ্ছিল। এমনকি রানের জন্য দৌড়ানোর সময়ও সেটা বোঝা যাচ্ছিল। তার পরও দুই পালায় দুই ঘন্টারও বেশি সময় তিনি ব্যাট করেন।
গম্ভির বলেন, "নিচের দিকে তাকাতে আমার অস্বস্তি হচ্ছিল। কোনো কিছুর দিকে বেশি মনযোগ দিতে গেলে আশেপাশের সব অস্পষ্ট হয়ে যেত।"
দ্রুত সুস্থ হয়ে উঠতে পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি দশ দিনের পূর্ণ বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন গম্ভির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮০৫ ঘ.
bdnews24