ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম একদিনের ম্যাচ।
চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে শনিবার পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
ব্যাট করতে নেমে পার্থিব প্যাটেল ও বিারট কোহলির অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৭৪ রান করে ভারত। জবাবে ৭ ওভার ২ বলে ২ উইকেটে ২৭ রান করে ইংল্যান্ড। এর পর বৃষ্টি নেমে গেলে কয়েক দফা পর্যবেক্ষণের পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। প্রভিন কুমার ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক (৪) ও ক্রেগ কিসওয়েটারকে (৬) ফিরিয়ে দিয়ে দলকে ভালো সূচনা এনে দেন।
এর আগে নিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা অজিঙ্কিয়া রাহানে ও পার্থিব প্যাটেল দলকে ভালো সূচনা এনে দেন। দলীয় ৮২ রানের মাথায় রাহানে (৪০) সাজঘরের পথ ধরলে একা হয়ে পড়েন পার্থিব। রাহানে তার ৪৪ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।
সাত রান পরেই রাহানেকে অনুসরণ করেন নিজের শেষ একদিনের সিরিজ খেলতে নামা রাহুল দ্রাবিড় (২)। তৃতীয় উইকেট পার্থিব ও কোহলি ১০৩ রানের জুটি গড়ে ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান।
দলীয় ১৯০ রানের মাথায় পার্থিব (৯৫) বিদায় নিলে খেলায় ফিরে ইংল্যান্ড। পার্থিবের ১০৭ বলের ইনিংসে চার রয়েছে ১২টি। এক রান পরেই পাঁচ নম্বর ব্যাটসম্যান রোহিত শর্মা আহত হয়ে মাঠ ছাড়লে একটা ধাক্কা খায় সফরকারীরা। নিজের অর্ধশতকে পৌঁছে কোহলিও (৫৫) বিদায় নিলে পথ হারায় ভারত।
কোহলির ৭৩ বলের ইনিংসে চারটি চার রয়েছে।
সুরেশ রায়না (৩৮) ও মহেন্দ্র সিং ধোনি (৩৩) অবশ্য শক্ত ভিত কাজে লাগিয়ে দলকে লড়াই করার মতো পুঁজি গড়ে দিয়েছেন। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৬০ রান। শেষ দিকে দ্রুত উইকেট পড়ায় আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ২৭৪ রানে থামে ভারতের ইনিংস।
ইংল্যান্ডের পক্ষে টিম ব্রেসন্যান ও স্টুয়ার্ট ব্রড দুটি করে উইকেট নেন। এজন্য ব্রেসন্যান দেন ৫৪ রান। ব্রড ৫৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৮ ঘ.
bdnews24