ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজে খেলার মতো পুরো সুস্থ হয়ে উঠছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। শুরু হবে ৩ সেপ্টেম্বর, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে ৩১ জুলাই একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।
ওভালে চতুর্থ ও শেষ টেস্টে ক্যাচ ধরতে গিয়ে চোট পান গম্ভির। এ কারণে সীমিত ওভারের সিরিজে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়। এমআরআই স্ক্যান করে দেখা যায় চোট বড় কিছু নয়। একদিনের সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারবেন তিনি।
দলের ম্যানেজার শিবলাল যাদব টাইমস অব ইন্ডিয়াকে বলেন, "এমআরআই রিপোর্টে বিশেষ কিছু নেই। খেলার মতো সুস্থ তিনি। তবে কিছুদিন বিশ্রাম নিতে বলা হয়েছে। এতে নিজের যতœ নেয়ার মতো সময় পাবেন তিনি।"
সীমিত ওভারের খেলা সম্পর্কে তিনি বলেন, "আমরা ঠিকই ঘুরে দাঁড়াবো। যেভাবে বিশ্বকাপে আমরা খেলেছি এবারো সেভাবে খেলবো।"
ভারতের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়না টেস্ট সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন। চার টেস্টে ১৩.১২ গড়ে করেন ১০৫ রান।
সীমিত ওভারের সিরিজের জন্য প্রস্তুতি নেয়া শুরু করলেও এখনো পুরো দলকে একসঙ্গে পাননি কোচ ডানকান ফ্লেচার। আহত বীরেন্দর শেবাগ ও ইশান্ত শর্মার বদলি দুই খেলোয়াড় অজিঙ্কিয়া রাহানে ও বরুন অরুন এখনো ইংল্যান্ডে পৌঁছাননি।
চার টেস্টের সিরিজে সব খেলায় হারে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৪৫ ঘ.
bdnews24