ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শন মার্শের অর্ধশতকের সুবাদে চতুর্থ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেট হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ১৩২ বল।
এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজে ম্যাচ রয়েছে পাঁচটি।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকের পরও ৩৮ ওভার ৪ বলে ১৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২৮ ওভারে উইকেটে ৫ জয়ের লক্ষ্য ১৩৩ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরু মোটেও ভালো হয়নি। ছন্দে াকা শেন ওয়াটসন (১২) ও রিকি পন্টিংকে (০) ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দেন লাসি মালিঙ্গা।
২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া স্বাগতিকদের টেনে তুলেন সিরিজে প্রথম খেলতে নামা মার্শ ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। তৃতীয় উইকেটে ৯৭ রানে জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। কিন্তু দলীয় ১২৩ রানের মাথায় মার্শ (৭০) বিদায় নিলে ছোটখাটো একটা ধসের মুখে পড়ে সফরকারীরা।
মার্শ তার ৮০ বলের ইনিংসটি সাজান ১১টি চার ও ১টি ছয় দিয়ে। মার্শকে ফেরানোর পর ওই ওভারেই তিন বলের মধ্যে দুই ভাই মাইক হাসি (০) ও ডেভিড হাসিকে (০) তুলে নেন নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সেকুগে প্রসন্ন।
তবে শেষ পর্যন্ত ক্লার্ক ও ব্র্যাড হ্যাডিন দলকে সহজ জয় এনে দেন। শেষ পর্যন্ত ক্লার্ক ৩৮ ও হ্যাডিন ৫ রানে অপরাজিত ছিলেন। টানা ব্যর্থতার পর এ ম্যাচে হ্য্যাডিন খেলেন মিডল-অর্ডারে। অন্যদিকে মার্শ খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে।
শ্রীলঙ্কার পক্ষে প্রসন্ন ৩ উইকেট নেন ৩২ রানে।
এর আগে ২৪ রানের মধ্যে ছন্দে থাকা দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা (৮) ও অধিনায়ক তিলকারতেœ দিলশানকে (১২) হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।
কিন্তু তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা ও জয়াবর্ধনের হিসেবী ব্যাটিং প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। ৭১ রান যোগ করে দলীয় ৯৫ রানের মাথায় সাঙ্গাকারা (৩১) বিদায় নিলে বড় ধরনের একটা ধাক্কা খায় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার শেষ সাত ব্যাটসম্যানের কেউ পারেন নি দু'অঙ্কের কোঠায় পা রাখতে। কেউ পারেন নি জয়াবর্ধনেকে সঙ্গ দিতে। শেষ পর্যন্ত নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৫৩ রান করেন তিনি। তার ১০২ বলের ইনিংসে ৪টি চার রয়েছে।
সাঙ্গাকারার বিদায়ের পর ৩৭ রানে শেষ ৭ উইকেট হারায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার পক্ষে ৪টি করে উইকেট নেন ব্রেট লি ও জ্যাভিয়ার ডোহার্টি। এ জন্য লি দেন ১৫ রান। ডোহার্টি ২৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৯ ঘ.
bdnews24