ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া দলনায়ক মাইকেল ক্লার্কের নেতৃত্বে মুগ্ধ দলের ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন।
তিনি বলেন, "খেলোয়াড়দের সঙ্গে সঠিক যোগাযোগ গড়ে তুলেছেন ক্লার্ক।"
নিউ সাউথ ওয়েলসের তরুণ ক্লার্ককে শুরু থেকে দেখছেন রিক্সন। এবার দেখছেন পরিণত দলনায়ক ক্লার্ককে। দুজনই মুগ্ধ করেছে রিক্সনকে। তিনি বলেন, "নিউ সাউথ ওয়েলসে প্রথম যখন খেলতে এলেন সেই সময় থেকে আমি তরুণ ক্লার্ককে চিনি। আমি তার ব্যাক্তিত্ব সম্পর্কে জানি। তিনি নিজের পথ তৈরি করে এগিয়ে যাচ্ছেন।"
তিনি বলেন, "আমি ক্লার্কের উদ্যমে মুগ্ধ। রিকি পন্টিং ও স্টিভ ওয়াহকে দেখে অনেক কিছু শিখেছেন তিনি। তিনি জানেন দলনায়ক ও একজন খেলোয়াড়ের সীমারেখা সম্পর্কে। অনেক বছরের অভিজ্ঞতা থেকে জানেন কী করতে হবে।"
২০১১ সালের বিশ্বকাপের পর রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছেন ক্লার্ক। বাংলাদেশের বিপক্ষে তিনটি ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে দুটি জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে সেসবকে নয় রিক্সন মনে করছেন, ক্লার্কের প্রথম পরীক্ষা হবে গলে। এ মাসের শেষ দিকে গলে নতুন অধিনায়ক ক্লার্কর নেতৃত্বে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
তিনি বলেন, "আমি মনে করি, তিনি দারুণ করবেন। কারণ তিনি প্রতিনিয়ত নিত্য নতুন ধারণা নিয়ে আসেন। অনেক কিছুই হয়তো করা সম্ভব নয়, তবে এতে ক্লার্ক নিজের একটা ছাপ ঠিকই রাখেন।"
তিনি বলেন, "গত গ্রীষ্মে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্স দলের খেলোয়াড়দের জন্য জেগে উঠার একটি বার্তা। ক্রিকেটারদের অনেক ব্যাপারেই উন্নতি করতে হবে। তারা উন্নতি করছেন ও। মাঠে তারা কঠোর পরিশ্রম করছেন। অন্য দিকে মাঠের বাইরেও নানা ধরনের পরিবর্তন হচ্ছে।" শিগগির অস্ট্রেলিয়া অ্যাশেজ দেশের মাটিতে ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করেন তিনি।
তিনি বলেন, "শীর্ষে ফিরে যাওয়া একটি দারুণ চ্যালেঞ্জ। তবে খেলোয়াড়দের নিজেদের উপর বিশ্বাস স্থাপন, নিজেদের প্রস্তুতির উপর বিশ্বাস আনার মধ্যেও কম চ্যালেঞ্জ নেই। পরিশ্রম করার দিক থেকে কোনো ঘাটতি নেই, কমতি নেই পরিকল্পনায়ও।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭১০ ঘ.
bdnews24