ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হারারেতে নিজেদের পছন্দ মতো উইকেট বানিয়ে বাংলাদেশকে মোকাবেলায় প্রস্তুত জিম্বাবুয়ে। কিন্তু জয় ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নয় সাকিব আল হাসানের দল। টেস্ট র্যাঙ্কিংয়ের একেবারে নিচের এই দলের কথায় মিলছে জোর লড়াইয়ের আভাস।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে বৃহস্পতিবার এক মাত্র টেস্ট খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দু'টায়। এই খেলা দিয়ে প্রায় ছয় বছর পর স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ খেলছে ১৪ মাস পর।
হারারেতে এর আগে দু'টি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুই টেস্টেই হেরেছে বড় ব্যবধানে।
উইকেটে যথেষ্ট ঘাস থাকবে। জিম্বাবুয়ে ধারণা করছে, এতে একদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলা যাবে পেস বোলার ব্যবহার করে, অন্য দিকে অনেকটা অকার্যকর হয়ে উঠবেন বাঁ-হাতি স্পিনাররাও।
বাউন্সার দিয়ে সফরকারী ব্যাটসম্যানদের কাবু করার পরিকল্পনা করেছে স্বাগতিকরা। কখনো কখনো আভাসে, কখনো বা সরাসরি এ কথা বলতে দ্বিধা করেননি জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
অধিনায়ক ব্রেন্ডন টেলর বলেন, "বাংলাদেশের জন্য বেশ কিছু বিস্ময় অপেক্ষা করছে।" প্রকারান্তরে এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন হ্যামিলটন মাসাকাদজাও, বাংলাদেশের জন্য তারা তৈরি হয়ে আছেন। এমন কি, ছয় বছর ধরে টেস্ট না খেলাকেও বড় করে দেখতে রাজি নন তিনি।
তবে ছেড়ে বলবে না বাংলাদেশও। দলের সহ-অধিনায়ক তামিম ইকবালের মাথায় শুধু জয়েরই চিন্তা। তিনি বলেন, "নিজেদের সেরাটা খেলতে পারলে জেতা কঠিন হবে না।"
জেতার কৌশল হিসেবে জিম্বাবুয়ে বাউন্সি উইকেটে শর্ট বল করে ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে-মানছেন তামিমও। সেই সঙ্গে বলেন, তবে এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না।
তামিম বলেন, "আমরা দক্ষিণ আফ্রিকায় খেলেছি। সেখানকার সবচেয়ে বাউন্সি উইকেটে ডেল স্টেইনকে মোকাবেলা করেছি। আমার মনে হয় না এখানে কেপটাউনের মতো কোনো উইকেট আছে বা এই দলে স্টেইনের মতো কোনো বোলার আছেন।"
হারারেতে প্রসপার উৎসেয়া ও রেগিস চাকবভার না খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে চার পেসার নিয়ে খেলবে টেলরের দল। উইকেটের পেছনে দাঁড়াতে পারেন তাতেন্দা তাইবু। একমাত্র স্পিনার হিসেবে খেলতে পারেন রে প্রাইস।
একই পরিকল্পনা নিতে পারে বাংলাদেশও। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের বড় একটা অংশ জুড়ে আছেন বাঁ-হাতি স্পিনাররা। তবে এবার স্পিনার নয়, সাফল্যের জন্য পেসারদের দিকেই তাকিয়ে থাকতে হবে সাকিবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আব্দুর রাজ্জাক।
দেশে থাকতে রাজ্জাকের উপর বিশ্বাস রাখার কথা বলেছিলেন সাকিব। কিন্তু একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি রাজ্জাক। প্রথম পালায় ভালো বল করলেও পরের পালায় তাকে বেশ সহজেই খেলেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। সাকিবও নিজের বোলিং নিয়ে একটু চিন্তায় আছেন। গত কিছুদিন ধরে টানা টি-টোয়েন্টি খেলেছেন। তাই নিজের বোলিংকে টেস্ট মেজাজে ফিরিয়ে আনতে সময় লাগতে পারে বলে মনে করছেন তিনি।
দল ঘোষণার সময়ই বলা হয়েছিল টেস্টে অভিজ্ঞদের কথা বেশি করে ভাবা হবে। সেক্ষেত্রে নাসির হোসেন ও শুভাগত হোম চৌধুরীর না খেলার সম্ভাবনাই বেশি। শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকের মধ্যে যে কোনো একজনের তিন নম্বরে ব্যাট সম্ভাবনা বেশি। প্রস্তুতি ম্যাচে তামিম না খেলায় দু'জনই খেলেছেন, কিন্তু টেস্টে তামিম ফেরায় যে কোন একজনকে সরে দাঁড়াতে হবে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে এটি পঞ্চম টেস্ট সিরিজ।
এর আগের চার সিরিজের তিনটিতে জেতে জিম্বাবুয়ে, একটিতে বাংলাদেশ।
আর জিম্বাবুয়ের মাটিতে ৪টি টেস্ট খেলে হেরেছে তিনটিতে। আর ড্র হয়েছে একটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০২ ঘ.
bdnews24