ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের জন্য যথেষ্ট কাজ না করায় জিম্বাবুয়ের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু।
টেস্টে ক্রিকেটে জিম্বাবুয়ের প্রত্যাবর্তনের প্রাক্কালে তাইবু বলেন, "তহবিলের অভাব ও দুর্বল পেশাদার কাঠামো দেশটির ক্রিকেটকে ক্রমশ সঙ্কুচিত করে ফেলছে।"
প্রায় ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে টেস্টে ফেরা, ঘরোয়া ক্রিকেটে ফ্রাঞ্চাইজ পদ্ধতি প্রবর্তন, হিথ স্ট্রিক ও গ্রান্ট ফ্লাওয়ারের মতো সাবেক ক্রিকেটারদের কোচ হিসেবে দলে প্রত্যাবর্তন জিম্বাবুয়ের ক্রিকেটে পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে এই ধারণার পক্ষে নন তাইবু।
তিনি বলেন, "শুধু মাত্র ক্রিকেটারদের 'কমিটমেন্ট'র কারণেই দেশটিতে ক্রিকেট টিকে আছে। আমি মনে করি না সত্যিকার অর্থে খুব বেশি পরিবর্তন হয়েছে। দেশটিতে ক্রিকেটকে সচল করতে এখনো প্রশাসন খাবি খাচ্ছে।"
উদাহরণ হিসেবে তাইবু বলেন, "গত অগাস্ট থেকে এখন পর্যন্ত খেলোয়াড়রা তাদের ম্যাচ ফি'র টাকা পান নি। কোনো ক্রিকেটারের সঙ্গেই চুক্তি করেনি বোর্ড। এ ব্যাপারগুলো নিয়ে এখনো সঙ্কটে রয়েছে প্রশাসন।"
জিম্বাবুয়ে ক্রিকেটের প্রকৃত অবস্থা তুলে ধরতে তাইবু বলেন, "হাঁটা পথে সুন্দর করে রঙ করা কোনো বাড়ি দেখলে আপনি ভাবতে পারেন এটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু গাঁথুনি মজবুত না হলে আজ বা কাল এটি ধসে পড়বেই। জিম্বাবুয়ে ক্রিকেট ওই সুন্দর বাড়ি এবং এটি যে কোন সময়ে ধসে পড়তে পারে।"
তাইবু বলেন ক্রিকেটাররা বোর্ডের কাছে নিশ্চয়তা চায়। গুজব ছড়িয়ে ঝামেলা পাকানোর অভিযোগ থাকায় নিজেকে এসব থেকে সরিয়ে রেখেছেন বলে জানান তিনি। তিনি বলেন, "আমার যা অতীত তাতে এসব ব্যাপারে খেলোয়াড় হিসেবে কিছু করা আমার জন্য খুব কঠিন। আমরা, অধিনায়ক ও ম্যানেজাররা এমন সঠিক কাঠামো দিয়েও চেষ্টা করেছি কিন্তু কিছুই সময় মত হয়নি।"
২০০৫ সালের নভেম্বরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তাইবু।
পরে দলে ফেরার পর প্রশাসন নিয়ে কিছু না বলার অঙ্গীকার করেছিলেন তাইবু। দীর্ঘ নীরবতার পর এবার মুখলেন তিনি। ভাবছেন না বোর্ডের প্রতিক্রিয়া নিয়েও। সিনিয়র ক্রিকেটার হিসেবে জুনিয়রদের পক্ষে কথা বলাকে নিজের দায়িত্ব হিসেবেই দেখছেন তিনি।
তিনি বলেন, "আমি সত্য বলতে পছন্দ করি। আমি জানি অনেকে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন এমন ভাবনায় ভীত। তারা এটা প্রকাশ্যে কখনো বলতে পারবেন না। তবে আমি ভীত নই। তরুণ খেলোয়াড় যাদের এখনো বলার মতো কণ্ঠ নেই তাদের পক্ষে কথা বলাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি।"
তবে এমন পরিস্থিতিতেও ভালো করতে উন্মুখ হয়ে আছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তাইবু বলেন, "আমি কোচদের কোনো দোষ দেখছি না। তারা সত্যিই কঠোর পরিশ্রম করছেন। তারা দিন দিন আরো বেশি ঢেলে দিচ্ছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন থেকে তেমন সহায়তা পাচ্ছেন না।"
তিন বলেন, "টেস্ট খেলার দুদিন আগেও আমাদের কারো চুক্তি নেই। আমরা জানি না কত টাকা আমাদের দেয়া হবে। তবে ক্রিকেটারা দেশকে ভালোবাসেন, তারা টেস্টকে এভাবে পড়তে দেবেন না।"
তাইবু বলেন, "নিয়মিত টেস্ট খেললে অবশ্যই জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতি হবে। টেস্ট খেললেই দ্রুত উন্নতি করা সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৫০ ঘ.
bdnews24