২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই ইংল্যান্ড আমাদের অস্ট্রেলিয়ার মত: ওয়ার্ন

বর্তমান ইংল্যান্ড দলটিকে তার সময়ের অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করেছেন সাবেক লেগ-স্পিনার শেন ওয়ার্ন। তার সময়ে অস্ট্রেলিয়া ছিলো এক কথায় অপ্রতিরোধ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান ইংল্যান্ড দলটিকে তার সময়ের অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করেছেন সাবেক লেগ-স্পিনার শেন ওয়ার্ন। তার সময়ে অস্ট্রেলিয়া ছিলো এক কথায় অপ্রতিরোধ্য। সোনালী ওই সময়ে অস্ট্রেলিয়া দুবার টানা ১৬টি টেস্ট জয়ের রেকর্ড গড়েছিলো। বর্তমান ইংল্যান্ড দলের মধ্যেও একই সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুইটিতে দুর্দান্ত প্রতাপ দেখিয়ে জিতেছে ইংল্যান্ড। তারা লর্ডসে প্রথম টেস্ট ১৯৬ রানে ও ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্ট একদিন বাকি থাকতে ৩১৯ রানে জিতে নিয়েছে। দৈনিক টেলিগ্রাফে ওয়ার্ন লেখেন, "ইংল্যান্ড দিনে দিনে উন্নতি করছে। তারা জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে উঠেছে। তাদের 'টিম স্পিরিট' দারুণ, আর তাদের অধিনায়কের মতে তারা এখনো উন্নতি করছে।" ১৪৫টি টেস্ট খেলা ওয়ার্ন আরো যোগ করেন, ইংল্যান্ডের 'আক্রমণাত্মক' মানসিকতাই ভারতের বিপক্ষে দুটি বড় জয়ে মূল ভূমিকা পালন করেছে।" অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনে মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়ার্ন বলেন, "যখন অস্ট্রেলিয়া শীর্ষে ছিলো ও ক্রিকেট বিশ্বকে শাসন করছিলো তখন আমরা প্রথমেই প্রতিপক্ষের কাছ থেকে খেলার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে এবং শেষ পর্যন্ত তাদের ভয়ের মধ্যে রাখতে চাইতাম।" "ইংল্যান্ড বর্তমানে এর সব কিছুই করছে। নিজেদের এক নম্বর হওয়ার যোগ্যতা তারা প্রমাণ করছে। এট তারা দীর্ঘ দিন ধরে রাখতে সক্ষম হবে," যোগ করেন ওয়ার্ন। ইংল্যান্ডের আক্রমণাত্মক মানসিকতার উদাহরণ দিতে গিয়ে ওয়ার্ন বলেন, "ভুলে যাবেন না ট্রেন্টব্রিজে ইংল্যান্ড প্রথম পালায় ১২৪ রানেই ৮ উইকেট হারিয়ে বসেছিলো। এরপরও তারা ম্যাচটি বড় ব্যবধানে জিতেছে, কারণ তাদের বোলাররা আক্রমণাত্মক ছিলো।" "ভারতের বোলিংয়ের সময় মনে হচ্ছিলো উইকেট 'ফ্ল্যাট'। কিন্তু ওই উইকেটেই ভয়ঙ্কর হলে ওঠেন ইংল্যান্ডের বোলাররা। ওখানে তারা দেখিয়েছেন তারা কতটা অবিচল, আক্রমণাত্মক ও শীর্ষস্থানের জন্য ক্ষুধার্ত।" ভারতের সাবেক খেলোয়াড়রাও তাদের বর্তমান দলটির 'পারফরম্যান্স' নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন। সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি মনে করেন স্পিনার হরভজন সিংকে দল থেকে বাদ দিয়ে দেয়া উচিৎ। সাবেক আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার তো কোচ ডানকান ফ্লেচারের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৮৩৩ ঘ.