ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার পেসার ডোগ বোলিঞ্জার বিশ্বাস করেন এখন তিনি টেস্ট খেলার মতো সুস্থ। যদিও এ ব্যাপারে দ্বিমত রয়েছে দেশটির নির্বাচকদের।
ব্রিসবেনে সফর-পূর্ব অনুশীলন ক্যাম্পে ভালো বল করেন বোলিঞ্জার। ওই সময় নিজের 'ফিটনেস'র প্রমাণও দেন তিনি। কিন্তু তার পরও শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা না পাওয়াটা অবাক করেছে তাকে।
বোলিঞ্জারকে বাদ দেয়ার পেছনে কারণ হিসেবে 'ফিটনেসকেই' দায়ী করেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেন, "টেস্টে নিজের সেরাটা দেবার জন্য এখনো 'ফিটনেস' নিয়ে অনেক কাজ করতে হবে বোলিঞ্জারকে।"
তবে বোলিঞ্জার মনে করেন, গত গ্রীষ্মের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন তিনি। আর শ্রীলঙ্কা সফরের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
দল থেকে বাদ পড়ার পর এসইএন রেডিওতে এক সাক্ষাৎকারে বোলিঞ্জার বলেন, "তারা আমাকে সেই পুরনো কথাটিই আবার বলেছে, আমার ফিটনেস নিয়ে আরো কাজ করতে হবে। কিন্তু আমি জানি, আমি ভালো বল করছি। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো বল করছি। তবে আমি পরিশ্রম করে যাব, আশা করছি দ্রুতই দলে ডাক পাবো।"
"একজন পেসারের জন্য সুস্থতা খুবই জরুরি। এ নিয়ে আমি কাজ করেছি। অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি। ব্রিসবেনে এসে বুঝতে পারি আমি সুস্থ হয়ে উঠেছি এবং ভালো বল করতে পারছি।"
টেস্ট দল থেকে বাদ পড়লেও থেমে যেতে চান না বোলিঞ্জার। তিনি বলেন, "আমাকে এগিয়ে যেতে হবে। পাঁচটি একদিনের ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেখানে যত বেশি সম্ভব উইকেট নিতে হবে।"
"এর বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। আমি লড়াই করতে যাচ্ছি না। নির্বাচকরা যা বলেছেন তা নিয়ে আমি তর্কে যাচ্ছি না। আমি শুধু আমার ফিটনেস নিশ্চিত করতে চাই। দেখাতে চাই দীর্ঘ সময় ধরে আমি বল করতে পারি। আশা করছি যত দ্রুত সম্ভব দলে ফিরবো", যোগ করেন বোলিঞ্জার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৫২ ঘ.
bdnews24