ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্টুয়ার্ট ব্রডের হ্যাট্রিকে রাহুল দ্রাবিড়ের শতক সত্ত্বেও ২৮৮ রানে থেমে গেছে ভারতের প্রথম পালা। দ্বিতীয় দিন শেষে ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় পালায় অ্যালিস্টার কুকের উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে স্বাগতিকরা।
প্রথম পালায় ইংল্যান্ড করে ২২১ রান।
টেন্ট ব্রিজে টেস্টের প্রথম দুই দিনের শেষটায় আশ্চর্য মিল! প্রথম দিন শেষে ভারতের রান ছিল ওই ২৪। উইকেটও পড়েছিল একটি। সেই রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণের দৃঢ়তায় দ্বিতীয় উইকেট জুটিতে তুললো ৯৩ রান।
লক্ষণ অর্ধশতক (৫৪) করে বিদায় নেন। টেন্ডুলকারও (১৬) বেশিক্ষন টিকেননি। লর্ডস টেস্টে দুর্দান্ত খেলা সুরেশ রায়নাও (১২) টেন্ডুলকারকে অনুসরণ করলেন।
১৩৯ রানে নেই ভারতের চার উইকেট।
যুবরাজ সিংকে নিয়ে এরপর লড়াই চালালেন 'দ্য ওয়াল' দ্রাবিড়। ১২৮ রানের জুটিতে যুবরাজের ব্যাট একটু বেশি চলেছে। দ্রাবিড় যথারীতি ধীরস্থির। ১০টি চারের সাহায্যে ৬২ রান করে যুবরাজ যখন সাজঘরে ফিরছেন, তখনও ভারতের হাতে পাঁচটি উইকেট। ইংল্যান্ডের প্রথম পালার চেয়ে ৪৬ রান এগিয়ে মহেন্দ্র সিং ধোনির দল।
ব্রড তান্ডবে সেই 'লিড' ৬৭ রানের বেশি এগুলোনা। ২৭৩ রানে ধোনি, হারভজন সিং ও প্রভিন কুমারকে পরপর তিন বলে ফিরিয়ে হ্যাট্রিক তুলে নিলেন ব্রড। থামিয়ে দিলেন ভারতের বড় লিড নেওয়ার স্বপ্ন।
দ্রাবিড় তখনো ছিলেন। পরের ওভারেই তাকে ফেরালেন ব্রেসনান। ১১৭ রান করে যখন মাঠ ছাড়ছেন দ্রাবিড়, ১৫টি চার জ্বলজ্বল করছেন রানের পাশে। কোনো ছক্কা নেই। একেবারে দ্রাবিড়সুলভ ব্যাটিং!
২৭৩ রানের চার উইকেট হারালো ভারত। পাঁচ উইকেটে ২৭৩ থেকে হয়ে গেলো নয় উইকেটে ২৭৩! শেষ উইকেটে ১৫ রান যোগ করে পালা ২৮৮ তে নিয়ে গেলেন ইশান্ত শর্মা ও শ্রীশান্থ।
২৪ ওভার ১ বল করে ৪৬ রান দিয়ে ৬টি দখল করেন ব্রড। তার মানে ওভার প্রতি রান দেন ১.৯০ রান করে!
ইংল্যান্ডের দ্বিতীয় পালার শুরুতেই ইশান্ত শর্মার আঘাত। দলীয় ৬ রানেই কুককে ফেরত পাঠান তিনি। আর দ্বিতীয় পালায় ১১ ওভার ব্যাটিং করে ইংল্যান্ড তুলে ২৪ রান। ক্রিজে আছেন অ্যান্ড্রু স্ট্রস (৬) ও ইয়ান বেল (২৪)।
ট্রেন্ট ব্রিজ টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষ হলো। এরই মধ্যে দুই দলের প্রথম পালা শেষ। দ্বিতীয় পালায় ব্যাটিংয়েও নেমেছে ইংল্যান্ড। অসম্ভব কিছু না হলে লর্ডস টেস্টের ন্যায় এই টেস্টেও ফল আসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/০০০৪ ঘ.
bdnews24