ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেন্ট ব্রিজে ভারত পাল্টা আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। যদিও লর্ডস টেস্টে জয়ের পেছনে তার অবদান ছিল চোখে পড়ার মতো।
পঞ্চম ও শেষদিন কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে ২৮ বছর বয়সী অ্যান্ডারসন ৬৫ রানে পাঁচ উইকেট নিয়ে নাকাল করে ছাড়েন ভারতকে। দ্বিতীয় পালায় ২৬১ রানে গুটিয়ে যাওয়ায় হার মানতে হয় ১৯৬ রানে। ফলে চার টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।
"যখন কোনো শক্তিশালী দল হেরে যায়, তখন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে," অ্যান্ডারসনের গলায় হুঁশিয়ারি। সেই সঙ্গে সাবধান করে দেন দলের খেলোয়াড়দের, "লর্ডস টেস্টে জয় ভবিষ্যত সাফল্যের 'গ্যারান্টি' নয়।"
বলেই চলেন তিনি, "লর্ডসে আমরা ভালো খেলেছি। দল একই সূতোয় গাঁথা ছিল বলে জয় ধরা দিয়েছে। কিন্তু এখন তা অতীত।"
"তাই ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিনের (শুক্রবার) খেলার উপর আমাদের নজর দিতে হবে। কেননা প্রতিটি খেলাই নতুন। অতীতে কি করেছি, তার উপর নির্ভর করা উচিত নয়," বলেন অ্যান্ডারসন।
লর্ডস টেস্ট জেতায় ভারতকে সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলের পথে বেশ খানিকটা এগিয়ে গেছে ইংল্যান্ড। কমপক্ষে দুই ম্যাচের ব্যবধানে সিরিজ জিততে পারলে ভারতকে সরিয়ে শীর্ষ স্থানে বসতে পারবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৪৮ ঘ.
bdnews24