২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউসের মাথায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান

লর্ডস টেস্ট জিতে ভারতকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলের পথে ইংল্যান্ড অনেকখানি এগিয়ে গেছে বলে মনে করছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডস টেস্ট জিতে ভারতকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলের পথে ইংল্যান্ড অনেকখানি এগিয়ে গেছে বলে মনে করছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। লর্ডস টেস্ট ১৯৬ রানে জেতে ইংল্যান্ড। এটি ছিল ক্রিকেট ইতিহাসের দুই হাজারতম টেস্ট। আর দেশ দু'টির মধ্যে শততম। চার টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হচ্ছে শুক্রবার। সিরিজে দু'টি কিংবা তার চেয়ে বেশি খেলায় জিতলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে যাওয়া সম্ভব হবে, সে কথা মাথায় রেখেই ইংল্যান্ড যে মাঠে নামবে তা নিঃসন্দেহে বলা যায়। অ্যান্ড্রু স্ট্রাউসের কণ্ঠেও তার প্রতিধ্বনি শোনা গেল, "শীর্ষে যেতে হলে সব সুযোগেরই যথার্থ ব্যবহার করতে হবে। লর্ডস টেস্টে আমরা তা বেশ ভালোভাবেই কাজে লাগাতে পেরেছি বলে মনে করছি।" "লর্ডস টেস্টে আমরা প্রমাণ করেছি যে ভালো খেলতে পারলে যে কোনো দলকে আমরা হারাতে পারবো। এখন আমরা আবারো ভালো খেলতে চাই," টেলিগ্রাফকে বলেন তিনি। এদিকে মাঠে নামার মতো সুস্থ হয়ে উঠেছেন টিম ব্রেসন্যান। আর শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে না পারায় মূল একাদশে অনিশ্চিত হয়ে পড়েছিলেন স্টুয়ার্ট ব্রড। কিন্তু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, দু'জনই দাঁড়ান ব্রডের পাশে। প্রতিদান দেন তিনি দুই পালা মিলে ৯৪ রানে ৭টি উইকেট নিয়ে। এছাড়া দ্বিতীয় পালায় ব্যাট হাতে রান করেন অপরাজিত ৭৪। ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য ইংল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩২ ঘ.