২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি খেলায় তামিম নাও খেলতে পারেন

কুঁচকির চোটের কারণে জিম্বাবুয়ে সফরে প্রস্তুতি খেলায় নাও খেলতে পারেন সহ-অধিনায়ক তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোটের কারণে জিম্বাবুয়ে সফরে প্রস্তুতি খেলায় নাও খেলতে পারেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়ের পথে ঢাকা ছাড়ার আগে বুধবার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, "চোটের অবস্থা এখন অনেকটা ভালো। চিকিৎসা চলছে। শুক্রবার চোটের অবস্থা দেখে প্রস্তুতি ম্যাচে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবো।" হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ অগাস্ট টেস্ট শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু হবে ৩০ জুলাই, একই মাঠে। ইংল্যান্ডের ঘরোয়া ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় এই চোট পান তিনি। বাংলাদেশের সঙ্গে খেলার মধ্য দিয়ে ছয় বছর পর স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। তবে একে কোনো সুবিধা হিসেবে দেখতে নারাজ তামিম। এর কারণ হিসেবে তিনি বলেন, দুই-তিন বছর ধরে জিম্বাবুয়ে প্রায় একই দল নিয়ে খেলছে। ইংল্যান্ডে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলে এলেও টেস্টে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন সহ-অধিনায়ক। তিনি বলেন, "আমার মানসিকতা আসলে এ রকমই। 'ফর্ম' কখনো ভালো থাকে, কখনো খারাপ- এটা আমি মেনে নিয়েছি। জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না।" দেশের হয়ে বা ক্লাবের হয়ে যেখানেই খেলেন, ভালো খেলাই তার মূল লক্ষ্য বলে জানান তামিম। দলকে খেলায় জেতাতে পারবেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্দিষ্ট কারো ওপর নয়, জেতার জন্য পুরো দলকেই ভালো খেলতে হবে।" জিম্বাবুয়ে সফরে দলের ওপর বাড়তি কোনো চাপ নেই বলে তিনি জানান। বলেন, চাপ মনে করলেই চাপ। না মনে করলে নেই।" সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৮৪৭ ঘ.