২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নিজের ভালোর জন্য রান করতেই হবে'

দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা জিম্বাবুয়ে সফরে কাজে লাগবে বলে মনে করছেন মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা জিম্বাবুয়ে সফরে কাজে লাগবে বলে মনে করছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক বলেন, "এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল ও নিজের ভালোর জন্য সফরে রান আমাকে করতেই হবে।" বিশ্বকাপের পর গত এপ্রিলে বাংলাদেশ 'এ' দল দক্ষিণ আফ্রিকা সফরে যায় আশরাফুলের নেতৃত্বে। সফরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দু'টি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলে। চারদিনের খেলায় পুরোপুরি ব্যর্থ হন আশরাফুল। দুই ইনিংসে রান করেন ১৮। সর্বোচ্চ ১৪। তবে একদিনের সিরিজে আশরাফুলের ব্যাট হাসে বেশ ভালোভাবে। চার খেলায় ৫৭.৩৩ গড়ে রান করেন ১৭২। সর্বোচ্চ অপরাজিত ১১৮। বল হাতে নেন ৫ উইকেট। সেরা ৩/২৭। তিনি বলেন, "গত কয়েক মাস ধরে ভালো ব্যাট করছি। কন্ডিশনিং ক্যাম্পে অনেক পরিশ্রম করছি। ভালো করার মতো আত্মবিশ্বাসও আছে।" নির্দিষ্ট কোনো জায়গায় নয়, দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে রাজি আছেন বলে জানান আশরাফুল। তবে তিনি বলেন, "প্রস্তুতি খেলায় চার নম্বরে ব্যাট করেছি।" প্রায় ৬ বছর পর টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ১৪ মাস পর। তবে নিজেদের এগিয়ে রাখছেন তিনি। সেই সঙ্গে তিনি এ কথাও বলেন যে, "ছয় বছর পর টেস্ট খেলতে নামলেও জিম্বাবুয়ের খেলোয়াড়দের চেনা পরিবেশে (কন্ডিশন) তাদের বিপক্ষে খেলা সহজ হবে না।" "তবে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। তাহলে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না," বলেন সাবেক অধিনায়ক। ২০০৯ সালের পর এই প্রথম জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সে সময় শুভাগত হোম চৌধুরী ও নাসির হোসেনসহ আরো কয়েকজন দলে ছিলেন না। তবে পরিবেশের সঙ্গে তাদের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন আশরাফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতার কথা তাদের জানিয়ে দিচ্ছি। সেই সঙ্গে পরামর্শও দিচ্ছি।" জিম্বাবুয়েকে নিয়ে নয়, এখন নিজেদের নিয়েই ভাবছে বাংলাদেশ। জিম্বাবুয়েতে ভালো করতে হলে প্রস্তুতি ম্যাচটিকে কাজে লাগাতে হবে বলে মনে করছেন আশরাফুল। তিনি বলেন, "জিম্বাবুয়েতে গিয়ে ওদের নিয়ে ভাবা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪৪ ঘ.