২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি-কাণ্ডের সমালোচনায় কপিল দেব

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন গ্লাভস-প্যাড খুলে বলে করতে নেমে পড়ায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডস টেস্টের দ্বিতীয় দিন গ্লাভস-প্যাড খুলে বলে করতে নেমে পড়ায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। ধোনি এই কাণ্ড করে টেস্ট ক্রিকেটকে রীতিমত 'উপহাস' করেছেন বলে মনে করেন ১৯৮৩ সালে ভারতকে প্রথমবারের মত বিশ্বকাপ এনে দেয়া এই অধিনায়ক। কপিল দেব বলেন, "বল করতে নেমে টেস্ট ক্রিকেটকে উপহাস করেছেন ধোনি। একটি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি এটা করতে পারেন না।" ভারতের বোলিংয়ের মূল অস্ত্র জহির খান চোটের কারণে দ্বিতীয় দিন আর বল হাতে নিতে পারেননি। ফলে কিছুটা ঝামেলায় পড়ে যান ধোনি। শেষ পর্যন্ত দলীয় ৭৮তম ওভার করার জন্য তিনি বল হাতে নেমে পড়েন। একটানা ৫ ওভার বল করেন। এর মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান কেভিন পিটারসেনের উইকেটটা প্রায় পেয়ে যাচ্ছিলেন তিনি। আউট দিয়ে দিয়েছিলেন মাঠের আম্পায়ার। পরে 'রিভিউ' আবেদন করে সেই যাত্রায় বেঁচে যান পিটারসেন। দিন শেষে ধোনির বোলিং ফিগার ৮-১-২৩-০! অবশ্য ধোনির বল হাতে নেয়া এবারই নতুন নয়। এর আগেও তিনি ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বল করেছিলেন। তবে প্রত্যেকবারই মাত্র এক ওভার বল করেন। এদিকে হ্যামসট্রিং ইনজুরিতে ভুগতে থাকা জহিরেরও সমালোচনা করেছেন কপিল দেব। ক্ষোভের সঙ্গে কপিল দেব বলেন, "সবকিছুর জন্য জহিরই দায়ী। তিনি দলকে বিপদে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে ফেরার আগে তার উচিৎ ছিলো নিজের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়া। টেস্টে দিনে ২০ ওভার বল করতে হয় যা সত্যিই কঠিন। এই ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছে জহির।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৩৩ ঘ.