ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচ দেখতে এসে ম্যাচ অনুশীলনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দিলেন প্রধান নির্বাচক আকরাম খান।
শনিবার একাডেমি মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা দেখতে এসে তিনি বলেন, "ম্যাচ অনুশীলনই আসল কথা। ম্যাচ খেলার অভ্যাস গড়ে তোলাই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
একাডেমি মাঠ ও পিচের উচ্ছ্বসিত প্রশংসা করেন আকরাম। প্রায় একই সুর অন্য নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখেও। তিনি বলেন, "ভালো মাঠ, কোনো সন্দেহ নেই এখানে ভালো অনুশীলন হবে। তাছাড়াও খেলাও ভালো হচ্ছে।"
চার-ছয় নয় বরং ব্যাটসম্যানদের ব্যাটে দৃঢ়তা ও ধৈর্য্য দেখতে চান নির্বাচকরা।
একাডেমী মাঠকে ভালো বলে রায় দিলেন কোচ সারোয়ার ইমরানও। তবে বাউন্স একটু কম আছে বলে মনে করেন তিনি, "ছোট হলেও এটি ভালো মাঠ। পিচও ভালো তবে আরেকটু বাউন্স থাকলে ভালো হতো। ব্যাটসম্যানদের বল মাটিতে রাখতে হবে। উঠিয়ে খেলতে মানা করা হয়েছে।"
ব্যাটসম্যানদের উঠিয়ে খেলার প্রবণতার পাশাপাশি প্রথম দিন আরো কয়েকটি ব্যাপার কোচ ও নির্বাচকদের চোখে পড়েছে। রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো ছিল না। বেশ কয়েকবার রান আউটের শঙ্কা জাগান ব্যাটসম্যানরা। স্লিপ ও উইকেটরক্ষকের ফাঁক গলে বেশ কয়েকটি ক্যাচ ছুটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮৪৯ ঘ.
bdnews24