২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যাহ্ন-বিরতির আগেই নেই ভারতের ৪ উইকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে ভারত। মধ্যাহ্ন-বিরতির আগেই বিদায় নিয়েছেন দলের চার ব্যাটসম্যান। স্কোর বোর্ডে জমা হয়েছে কেবল ৪৪ রান। এক প্রান্তে ভিভিএস লক্ষ্মণ ২৩ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে সুরেশ রায়না এখনো রানের খাতা খোলেননি। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি। প্রথম সেশনে রান তুলতে রীতিমত হিমশিম খেতে হয়েছে সফরকারী দলের ব্যাটসম্যানদের। আগুন ঝরিয়েছেন পেসার রবি রামপল। ৮ ওভার বল করে নেন ৩ উইকেট, রান দেন মোটে ৪। এর মধ্যে ৫ ওভারে কোনো রান দেননি। দ্বিতীয় ওভারে বিদায় নেন অভিনব মুকুন্দ (১)। দলীয় ৮ রানের মাথায় সাজঘরের পথ ধরেন রাহুল দ্রাবিড় (৫)। তৃতীয় উইকেট জুটিতে ৩০ রান তোলেন মুরালি বিজয় ও লক্ষ্মণ। দলীয় ৩৮ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসিবে বিদায় নেন বিজয় (১১)। দুই বল পর রানের খাতা খোলার আগেই বিদায় নেন বিরাট কোহলি। দুই দলেই একটি করে পরিবর্তন এসেছে। ভারত দলে ফিরেছেন অভিমান্যু মিথুন। বাদ পড়েছেন অমিত মিশ্র। আর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন মার্লোন স্যামুয়েলস। ব্রেন্ডন ন্যাশের বদলে খেলছেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ৬৩ রানে জিতে নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৫৯ ঘ.