ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে অশোভন আচরণ করায় ওয়েস্ট ইন্ডিজ সিমার রবি রামপলের জরিমানা করা হয়েছে। তিরস্কার করা হয়েছে অধিনায়ক ড্যারেন সামিকে।
উচ্চতার জন্য নো-বল হয়েছে কি না, আম্পায়ারের কাছে তা জানতে চাওয়ার মাসুল হিসেবে রামপলের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেয়া হয়। ওই ওভারে ইশান্ত শর্মা এর আগে দু'বার বাউন্সার দিয়েছিলেন। এরপর একটি শর্ট-বল তার গ্লাভস ছুঁয়ে যায়।
পরে ম্যাচ রেফারি জেফ ক্রো এই মর্মে রায় দেন যে অশোভন আচরণ করে রামপল আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এর আগে সামির আশপাশের ফিল্ডাররা তার ক্যাচ লুফে নেয়ার আবেদন জানালে অশোভন আচরণ করেন তিনি।
আম্পায়ার আবেদন নাকচ করে দেন বটে, কিন্তু তিরস্কারের হাত থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। ম্যাচ রেফারি মনে করেন, সামি ক্রিকেটের চেতনা পরিপন্থী আচরণ করেছেন।
দুই খেলোয়াড়ই ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেয়ায় শুনানি আয়োজনের দরকার পড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৭৫২ঘ.
bdnews24