ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) প্রধান দিননাথ রামনারায়ণের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।
১৭ জুন বোর্ডের নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বোর্ডের অভিযোগ, বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারির সঙ্গে অপেশাদার লোকের মতো আচরণের পাশাপাশি তাকে হুমকিও দেন রামনারায়ণ।
বোর্ডের সঙ্গে ১৪ জুনের আলোচনায় ক্রিস গেইলের হয়ে অংশ নেন রামনারায়ণ। আলোচনার এক পর্যায়ে চেয়ার দিয়ে হিলারিকে আঘাতের হুমকি দেন তিনি। ডব্লিউআইপিএ অবশ্য এ কথা অস্বীকার করে।
এক বিবৃতিতে বোর্ড জানায়, "বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাকে হুমকি দেয়ায় বোর্ড রামনারায়নের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, যদি না তিনি (রামনারায়ন) আচরণ পরিবর্তন করেন।"
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও একদিনের সিরিজে দল থেকে বাদ পড়ার পর এক বেতার সাক্ষাৎকারে বোর্ডের কড়া সমালোচনা করেন গেইল। পরে ভারতের বিপক্ষে চলমান সিরিজেও তাকে বাদ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭০৭ ঘ.
bdnews24