ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়ান বেলের অপরাজিত শতকের সুবাদে সাউদাম্পটনে সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে ইংল্যান্ড। আর টেস্ট বাঁচাতে লড়ছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।
চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১১২ রান তুলেছে সফরকারীরা। এক প্রান্তে অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৪৪ ও অন্য প্রান্তে নাইট ওয়াচম্যান রঙ্গনা হেরাথ ২ রান নিয়ে ব্যাট করছেন। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে আছে ৮১ রানে। হাতে আছে ৭ উইকেট।
দ্বিতীয় পালায়ও এক প্রান্তে সাঙ্গাকারা অবিচল থাকলেও অন্য প্রান্ত থেকে সেভাবে সহায়তা পাচ্ছেন না। উইকেটে সেট হওয়ার আগেই বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ১০ ও মাহেলা জয়াবর্ধনে ৬।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমানে (৩৮) উইকেটে সেট হয়েও বিদায় নেন। এতে ভালো অবস্থানে থেকেও বেশ চাপে পড়ে যায় সফরকারীরা।
ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডাসন, ক্রিস ট্রেমলেট ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন।
এর আগে নিজেদের প্রথম পালায় ১৯৩ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তখন দলটির রান ছিল ৮ উইকেটে ৩৭৭। অন্য দিকে নিজেদের প্রথম পালায় শ্রীলঙ্কা করে ১৮৪ রান।
বেল ও ইয়ন মর্গান ষষ্ঠ উইকেট জুটিতে ১৩৭ রান তুলে দলকে নিয়ে যান সুবিধাজনক অবস্থানে। দলীয় ৩৭৩ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মর্গান (৭১) বিদায় নিলে ছোটখাটো ধসের মুখে পড়ে ইংল্যান্ড।
মর্গান তার ১১০ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। এটি তার দ্বিতীয় অর্ধশতক। তার বিদায়ের পরপরই রানের খাতা খোলার আগে ম্যাট প্রায়র ও ব্রড সাজঘরের পথ ধরলে ইনিংস ঘোষণা করেন অ্যান্ড্রু স্ট্রাউস।
শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকেন বেল। তার ১৬৯ বলের ইনিংসে ১২টি চার রয়েছে। এটি তার ১৪তম শতক।
৪ উইকেটে ১৯৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। মধ্যাহ্ন-বিরতির আগে ৯৬ রান তুলতে হারায় কেবল নাইট ওয়াচম্যান অ্যান্ডারসনকে (২৭)। পঞ্চম উইকেট জুটিতে বেল ও অ্যান্ডারসন যোগ করেন ৪৫ রান।
শ্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমাল ৩ উইকেট নেন ৯৯ রানে। এছাড়া চানাকা ওলেগেদারা ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন।
তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০১৪ ঘ.
bdnews24