ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনো ক্রিস গেইলের ভবিষ্যৎ অন্ধকারেই রেখে দিয়েছে। বোর্ডের পরিচালনা পর্ষদ ১৭ জুনের সভায় গেইলের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
এর আগে ১৪ জুন দুই পক্ষের বৈঠকও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। বরং ওই সভায় দুই পক্ষই উত্তপ্ত বাক্য বিনিময় করে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে গেইলকে ছাড়াই মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষিত উইন্ডিজ দলেও নেই গেইলের নাম।
ভারতের বিপক্ষে একদিনের সিরিজে খেলতে চেয়েছিলেন গেইল। কিন্তু তাকে দলে রাখা হয়নি। এক বিবৃতিতে গেইলকে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, "এক সাক্ষাৎকারে তিনি (গেইল) যে মন্তব্য করেছেন তা বোর্ডের জন্য লজ্জার। তিনি দল ব্যবস্থাপকদের নিয়েও বাজে মন্তব্য করেছেন। আর যেহেতু তার বিষয়ে এখনো কোনো সমাধান পাওয়া যায়নি তাই তাকে দলে রাখা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩০০ ঘ.
bdnews24