২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের ভবিষ্যত অন্ধকার!

ভারতের বিপক্ষে টেস্ট খেলার খুব একটা সম্ভাবনা নেই ক্রিস গেইলের। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামারও সম্ভাবনা নেই তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে টেস্ট খেলার খুব একটা সম্ভাবনা নেই ক্রিস গেইলের। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামারও সম্ভাবনা নেই তার। বুধবার ওয়েস্ট ইন্ডজ ক্রিকেট বোর্ড ও গেইলের মধ্যে উত্তপ্ত আলোচনা অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হয় বলে বৈঠক উপস্থিতরা জানান। তাই অনেকে ধারণা করছেন, গেইলের ভবিষ্যত অন্ধকার। ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও একদিনের সিরিজের কোনো খেলায় গেইলকে খেলার সুযোগ দেয়া হয়নি। তিন ম্যাচের টেস্ট সিরিজেও তার মাঠে নামার সম্ভাবনা বলতে গেলে নেই। সভা শেষে বোর্ডের কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের পথে হাঁটতে হতে পারে গেইলকে। সাইমন্ডস এখন বিশ্বের বিভিন্ন দেশে শুধু মাত্র ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামার সুযোগই দেয়া হচ্ছে না তাকে। গেইলের পক্ষের লোকজন বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে গেইলের খেলোয়াড়ী-জীবনের সমাপ্তী টানতে চাইছে বোর্ড। তারা অভিযোগ করেন, বৈঠকের মধ্য দিয়ে এই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে যে সমঝোতায় পৌঁছানোর কোনো আগ্রহ বোর্ডের নেই। বেতার সাক্ষাৎকারের মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত গেইলের সঙ্গে আর কোনো আলোচনায় বসা হবে না বলেও বোর্ড জানিয়ে দিয়েছে। তিন ঘন্টার এই বৈঠকে গেইলের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) প্রধান দিননাথ রামনারায়ন ও ভাইস প্রেসিডেন্ট ওয়েভেল হাইন্ডস। আর বোর্ডের পক্ষে যোগ দেন প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারি, দলের কোচ ওটিস গিবসন, টিম ম্যানেজার রিচি রিচার্ডসন ও ডাইরেক্টর অব ক্রিকেট টনি হাওয়ার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১৭ ঘ.