ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তান দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ।
তিনি বলেন, "আফগানিস্তান দলের কোচ হিসেবে আমি আমার পদত্যাগপত্র পাঠিয়েছে। দেশটির বোর্ডের চেয়ারম্যান আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।"
জুলাই'র শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল বলে লতিফ জানান। কিন্তু তার কোটিং'র ধরনে বোর্ডের কর্মকর্তা ও কয়েকজন খেলোয়াড় সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
গত মাসে পাকিস্তান 'এ' দলের কাছে একদিনের সিরিজে সব খেলায় হার মেনে নিতে পারেনি বোর্ড। এই হারের সব দায়-দায়িত্বও লতিফ নিজের কাঁধে তুলে নেন।
গত বছর জুলাইতে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন লতিফ। পরে প্রধান কোচ কবির খান দায়িত্ব ছেড়ে দিলে অগাস্টে লতিফকে সেই দায়িত্ব দেয়া হয়।
এখন আফগান খেলোয়াড়রা আবারো কোচ হিসেবে কবির খানকেই চাইছেন।
লতিফের প্রশিক্ষণে এশিয়ান গেমস টোয়েন্টি-টোয়েন্টির সেমিফাইনালে পাকিস্তানকে হারায় আফগানিস্তান। যদিও ফাইনালে দলটি বাংলাদেশের কাছে হেরে যায়।
এছাড়া আইসিসি ইন্টারন্যাশনাল কাপে স্কটল্যান্ডকে হারায় আফগানিস্তান। ২০১১ সালের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কানাডার বিপক্ষে জেতে দলটি।
অগাস্টে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে কানাডায় যাবে আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩১ ঘ.
bdnews24