ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন আর সেই দিন নেই, কিভাবে ব্যাটসম্যানদের মনে ভয় ঢোকাতে হয় ফাস্ট বোলাররা তা ভুলে গেছেন বলে মনে করছেন সে দেশের সাবেক ফাস্ট বোলার কার্টলি অ্যাম্ব্রোস ।
তিনি বলেন, "অচিরেই সোনালী অতীত ফিরে আসবে বলেও মনে হয় না।"
"আমাদের ক্রিকেটের বর্তমান অবস্থা খুবই খারাপ," বলেন তিনি, "টানা কয়েক ম্যাচ জিতলেই কেবল এ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।"
৯৮ টেস্টে ৪০৫টি উইকেট নেন এই ফাস্ট বোলার। ৯০'র দশকে ব্যাটসম্যানদের কাঁপান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ফাস্ট বোলারদের নিয়ে খুবই হতাশ অ্যাম্ব্রোস। তিনি বলেন, "আমার মনে হয়, ব্যাটসম্যানের মধ্যে ভয় ঢোকানোর কায়দা একজন ফাস্ট বোলারের জানা দরকার।"
"আমাদের ক্রিকেটের পতনের মূল কারণ দুটি-প্রথমত, ধীর গতির উইকেট এবং দ্বিতীয়ত, সাজঘরের চারপাশে কোনো অভিজ্ঞ মানুষ থাকেন না," বলেন তিনি।
অ্যাম্ব্রোস বলেন, "আমাদের সময়ে অভিজ্ঞরা নতুনদের অনেক পরামর্শ দিতেন" এ প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, "আমি যখন দলে ছিলাম তখন ম্যালকম মার্শালের কাছ থেকে অনেক কিছু শিখেছি। পরে কোর্টনি ওয়ালশও পরামর্শ দিয়েছেন। অথচ এখনকার খেলোয়াড়রা সাবেক খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করার কোনো প্রায়োজনই বোধ করে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৬ ঘ.
bdnews24