ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ২৮ জুন পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে মাঠে নামবে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার জয়াসুরিয়া বলেন, "ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচটি হবে দেশের হয়ে আমার শেষ খেলা। এটি ছাড়া একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ব্যাট-প্যাড তুলে রাখবো আমি। আমার 'ফিটনেস'র ওপর নির্বাচকরা যে আস্থা রেখেছেন তা ভাবতেই আমার ভালো লাগছে।"
৪২ বছর বয়সী জয়াসুরিয়া ২০০৭ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। দেশের হয়ে তিনি তার শেষ একদিনের ম্যাচ খেলেন ২০০৯ সালে।
বয়স ৪২ হলেও নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো পুরোপুরি 'ফিট' মনে করছেন জয়াসুরিয়া। তিনি বলেন, "হতে পারে ৪২-এ পৌঁছে গেছি। তাতে কী? আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো যথেষ্ট সুস্থ আমি। দীর্ঘ সময় ধরে 'ফিটনেস' ও 'ফর্ম' ধরে রাখলে সিনিয়ররাও আমার মতো দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।"
৪৪৪টি একদিনের ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন জয়াসুরিয়া করেন ১৩,৪২৮ রান। রান সংগ্রহের দিক থেকে একমাত্র শচীন টেন্ডুলকারই তার চেয়ে এগিয়ে আছেন। তিনি করেছেন ১৮,১১১ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০৮ ঘ.
bdnews24