ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাইমন ক্যাটিচকে হারানোর ক্ষতি পুষিয়ে নেয়ার সামর্থ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার নেই বলে মনে করেন খেলোয়াড়দের ইউনিয়নের প্রধান পল মার্শ।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা থেকে ক্যাটিচকে বাদ দিয়েছে। জাতীয় নির্বাচকদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ক্ষোভ না জানালেও ক্যাটিচ এখনো সিদ্ধান্ত নেননি তিনি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন নাকি অবসরের ঘোষণা দেবেন।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে বিষয়টি দুঃখজনক হলেও তিনি নির্বাচকদের এমনটা করার কারণ বুঝতে পেরেছেন।
তবে মার্শ কিছুতেই বিষয়টি মেনে নিতে পারছেন না। বলেন, "তিনি (ক্যাটিচ) ভালো খেলোয়াড়দের একজন। মানুষ হিসেবেও তিনি চমৎকার। আমাদের পদ্ধতির কারণে আমরা তাকে হারিয়েছি যা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য ক্ষতিকর হলো। কারণ দলে তার বিকল্প নেই।"
ক্যাটিচকে একজন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন বর্ণনা করে মার্শ আরো বলেন, "বর্তমান পদ্ধতির জন্য অস্ট্রেলিয়া দলে এখন যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় নেই। যদি আমরা পুনরায় বিশ্বের এক নম্বর দল হতে চাই তবে এটা গুরুত্বপূর্ণ যে, আমাদের দলে যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ খেলোয়াড় থাকতে হবে।"
ক্যাটিচের সঙ্গে বাদ পড়েছেন অ্যাডাম ভোগসও। তবে সৌভাগ্যক্রমে ২৫ সদস্যের দলে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড হাসি ও জেমস প্যাটিনসন।
তবে ক্যাটিচ বাদ পড়া দুঃখ প্রকাশ করেছেন হাসি।
ইএসপিএনক্রিকইনফোকে হাসি বলেন, "অস্ট্রেলিয়ার হয়ে শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয় বরং ঘরোয়া ক্রিকেটেও সাইমন দারুণ খেলেছেন। আমি তার জন্য কষ্ট পাচ্ছি। তবে আমি এটাও জানি ভালো মানুষের সঙ্গে সব সময় ভালোই হয়। ক্রিকেটের পরও তার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫৬ ঘ.
bdnews24