ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের অর্ধশতকের সুবাদে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ভারত।
ফলে ভারত পাঁচ ম্যাচ একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
ম্যাচ সেরা হয়েছেন ভারতের রোহিত শর্মা।
কুইন্স পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে রামনরেশ সারওয়ান ও মার্লোন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৪ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২১৫ টপকে ২১৭ রানে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দূর্ভাগ্যের শিকার হন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। ১৩ রান করে রান আউট হয়ে যান তিনি। এরপর বিরাট কোহলি (২) ও সুব্রামানিয়াম বদ্রিনাথ (১৭) সাজঘরের পথ ধরলে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় ভারত।
এই অবস্থায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান ও রোহিত শর্মা ধীরে ধীরে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন। ধাওয়ান ৭৬ বলে ৫১ রান করে ফিরে গেলেও দলকে জিতিয়েই ফেরেন শর্মা। তিনি ৭৫ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া অধিনায়ক সুরেশ রায়না ৪৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন অ্যান্টোনি মার্টিন ও রবি রামপল। এজন্য মার্টিন দেন ৩৯ রান। রামপল দেন ৫৮।
এরআগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ২৩ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে (৬) কে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভোও ৪ রান করে সাজঘরের পথ ধরলে ২৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিরা।
এই অবস্থায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিক এডওয়ার্ডস ও সারওয়ান দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করতে থাকেন। তবে এডওয়ার্ডস বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ রান করে হরভজন সিংয়ের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি।
দলকে এগিয়ে নিতে থাকে সারওয়ান। সঙ্গী স্যামুয়েলস। দুজনে মিলে ৮১ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।
মুনাফ প্যাটেলের বলে উইকেটের পেছনে ধরা পড়েন সারওয়ান। ৯৪ বলে ৫ চারের সাহায্যে ৫৬ রান করেন তিনি। দলীয় রান ১৪১।
স্যামুয়েলসকে বোল্ড করেন রায়না। ৭৫ বল খেলে ৫৫ রান করেন তিনি।
এছাড়া ডোয়াইন ব্রাভো ২২ ও কার্লটন বাগ ১৬ রান করেন। এরপরই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ।
ভারতের পক্ষে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন হরভজন সিং। এছাড়া প্রবিন কুমার, মুনাফ প্যাটেল ও সুরেশ রায়না ২টি করে উইকেট নেন। এজন্য প্রবিন ৩৭, মুনাফ ৪৭ ও রায়না ২৩ রান খরচ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৩০ ঘ.
bdnews24