ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৮ জুন ৩ সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে শহিদ আফ্রিদিকে হাজির হতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।
শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান হলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচালক সুলতান রানা। এতে যোগ দেবেন ঘরোয়া ক্রিকেটের জেনারেল ম্যানেজার শফিক আহমেদ ও আন্তর্জাতিক ক্রিকেটের ম্যানেজার উসমান উয়াহলা। বোর্ডের আইনী পরামর্শক তোফাজ্জল রিজভী কমিটিকে সহায়তা দেবেন।
মিডিয়ার সামনে পদত্যাগের ঘোষণা দেয়ায় আফ্রিদির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে পিসিবি। পিসিবি জানিয়েছে ১ জুন আফ্রিদির পাঠানো চিঠির ফলশ্র"তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। ওই চিঠিতে আফ্রিদি স্বীকার করেন টিভিতে অবসরের ঘোষণা দিয়ে তিনি আচরণবিধি ভেঙ্গেছেন।
পিসিবি কর্মকর্তা সোবহান আহমেদ বলেন, "যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলকে নেতৃত্ব দিয়েছেন তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া আমাদের জন্য খুবই বেদনাদায়ক। পাকিস্তানের ক্রিকেটে আফ্রিদির অনেক অবদান। তবে সবার বুঝতে এটা শৃঙ্খলা'র জন্য করা হচ্ছে। দেশের ক্রিকেট প্রশাসনের অংশ হওয়ায় সকল পর্যালে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদেরই। আমি নিশ্চয়তা দিচ্ছে আত্মপক্ষ সমর্থনের, নিজের অবস্থান ব্যাখ্যা করার সকল সুযোগ তিনি পাবেন।"
রায় ঘোষণার আগে শৃঙ্খলা কমিটির সামনে শুনানী হবে। এতে দুই পক্ষ স্বাক্ষ্য প্রমাণ উপস্থান ও নিজের বক্তব্য তোলে ধরার সুযোগ পাবেন। রায়ের পর আফ্রিদি এর বিরুদ্ধে আপীল করতে পারবেন। সেক্ষেত্রে পিসিবি একটি স্বাধীন প্যানেল গঠন করবে। ওই প্যানেল চূড়ান্ত রায় দেবে।
এদিকে অবসরের ঘোষণা দেয়ার পর আফ্রিদির সঙ্গে চুক্তি স্থগিত করার পাশাপাশি তাকে দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনাপত্তি পত্র প্রত্যাহার করায় আফ্রিদি ইতিমধ্যে হারিয়েছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৬ ঘ.
bdnews24