ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দুই ম্যাচের একদিনের সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তখনো হাতে ছিল ৮ বল।
বেলফাস্টে সোমবার দ্বিতীয় ও শেষ খেলায় টস জিতে ব্যাট করতে নেমে পল স্টারলিংয়ের শতকের সুবাদে ৮ উইকেটে ২৩৮ রান করে আয়ারল্যান্ড। জবাবে ইউনুস খান ও উমর আকমলের অর্ধশতকের সুবাদে ৪৮ ওভার ৪ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ২৩৯ ছাড়িয়ে ২৪২ রানে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মোহাম্মদ হাফিজ। শুরুর ধাক্কা সামাল দেয়ার জন্য সাবধানে খেলতে থাকেন পরের ব্যাটসম্যানরা। উইকেট ধরে খেলতে থাকায় ওভার প্রতি রান তোলার হার ছিল অনেক কম।
তৌফিক ওমর ও আজহার আলী দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৬৩ রান। দলীয় ৬৫ রানের মাথায় তৌফিক (৩১) বিদায় নিলেও দেখেশুনে খেলে যেতে থাকেন আজহার। ১৫ রান পর তৌফিককে অনুসরণ করেন আজহারও (৩৯)।
শুরু করেই ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে না পারায় পরের দিকের ব্যাটসম্যানদের চাপের মধ্যে ব্যাট করতে হয়।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনুস খান ৬৮ রান তুলে দলের অবস্থা সুসংহত করেন। দলীয় ১৪৮ রানের মাথায় মিসবাহ (৩২) বিদায় নিলেও অবিচল ছিলেন ইউনুস।
রান তোলার হার কম হলেও হাতে উইকেট থাকায় ইনিংসের শেষের দিকে ইউনুস ও উমর আকমলের মেরে খেলতে কোনো সমস্যা হয়নি। বলতে গেলে রীতিমতো ঝড় তোলেন তারা। পঞ্চম উইকেট জুটিতে ৮৯ রানে তুলে দলকে নিয়ে আসেন জয়ের দোর গোড়ায়। জয় যখন মাত্র ২ রান দূরে তখন বিদায় নেন ইউনুস (৬৪)।
ইউনুস তার ৭৪ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ১টি ছয় দিয়ে।
শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত ছিলেন উমর। তার ৪৭ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছয় রয়েছে।
আয়ারল্যান্ডের পক্ষে বয়েড র্যাঙ্কিন, ট্রেন্ট জনস্টন, জন মুনি, আলেক্স কুসাক ও কেভিন ও'ব্রায়েন একটি করে উইকেট নেন।
এর আগে প্রথম খেলায় ২০ ওভার ব্যাট করে মাত্র ৯৬ রানে গুটিয়ে গেলেও এই ম্যাচে নিজেদের অনেকটা ফিরে পায় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে এড জয়েস ও স্টারলিং তোলেন ৬৫ রান।
১৭ রান করে জয়েস বিদায় নিলেও অবিচল ছিলেন স্টারলিং। অন্য ব্যাটসম্যানদের রানের জন্য লড়াই করতে হলেও বেশ সহজে রান এসেছে স্টারলিংয়ের ব্যাট থেকে। দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তিনিই।
শেষ পর্যন্ত ১০৯ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন স্টারলিং। তার ১০৭ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছয় রয়েছে। একদিনের ক্রিকেটে এটি স্টারলিংয়ের তৃতীয় শতক।
স্টারলিং যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করেন গ্যারি উইলসন। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে করেন ৩৩ রান। তিনি তার ২৫ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে।
পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল ৪ উইকেট নেন ৩৫ রানে। এছাড়া জুনায়েদ খান ৪৯ রানে নেন ২ উইকেট।
দুই ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০১৪ ঘ.
bdnews24