ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তখনো হাতে ছিল ২০ বল।
১৩ খেলায় এটি কলকাতার অষ্টম জয়। এ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে কলকাতা। অন্যদিকে ১৩ খেলায় এটি পুনার নবম হার। ৮ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে নবম স্থানে। রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটিরও পয়েন্ট ১৬, তবে এক ম্যাচ কম খেলেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৬৫তম খেলায় বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টিস একাডেমি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের কলকাতার অধিনায়ক গৌতম গম্ভির।
ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৮ রান করে পুনা। জবাবে অপরাজিত গম্ভিরের অর্ধশতকের সুবাদে ১৬ ওভার ৪ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১১৯ রানে পৌঁছে যায় কলকাতা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও দলকে সহজ জয় এনে দেন গম্ভির। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪৬ বলের ইনিংসে ৭টি চার রয়েছে।
তৃতীয় উইকেটে গম্ভির ও ইউসুফ পাঠান ৬৪ রান যোগ করে খেলা নিয়ে আসেন কলকাতার অনুকূলে। দলীয় রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পাঠান (২৯) বিদায় নিলেও জয় তখন হাতের নাগালে
পুনার পক্ষে আলফানসো থমাস, সৌরভ গাঙ্গুলি ও ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নেন।
এর আগে কলকাতার আঁটোসাটো বোলিংয়ের কারণে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয়েছে পুনার ব্যাটসম্যানদের।
নয়জন ব্যাটসম্যানের মধ্যে সাতজনই পৌঁছেন দু'অঙ্কে। তবে তারা কেউ নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ২৪ রান আসে অধিনায়ক যুবরাজ সিংয়ের ব্যাট থেকে।
এছাড়া শচিন রানা ১৮, সৌরভ গাঙ্গুলি ১৮, মানিশ পান্ডে ১৬ ও ক্যালাম ফার্গুসন ১৬ রান করেন।
কলকাতার পক্ষে লক্ষ্মীপতি বালাজি, সাকিব আল হাসান ও পাঠান ২টি করে উইকেট নেন। এ জন্য বালাজি দেন ৭ রান। সাকিব ১৬। পাঠান ২৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৪৪ ঘ.
bdnews24