২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের জরিমানা

রাজস্থান ক্রিকেট এসোসিয়েশনের (আরসিএ) সেক্রেটারি সঞ্জয় দিক্ষিতের প্রকাশ্য সমালোচনা করায় শেন ওয়ার্নকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্থান ক্রিকেট এসোসিয়েশনের (আরসিএ) সেক্রেটারি সঞ্জয় দিক্ষিতের প্রকাশ্য সমালোচনা করায় শেন ওয়ার্নকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিসিসিআই। আইপিএলের খেলায় জয়পুরে পিচ বদলের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওয়ার্ন প্রকাশ্যে সঞ্জয়ের সমালোচনা করেন। ওয়ার্ন ও সঞ্জয় আইপিএল কমিশনে মঙ্গলবার শুনানীতে অংশ নেন। রবি শাস্ত্রী ও লিগ চেয়ারম্যান চিরায়ু আমিন এতে উপস্থিত ছিলেন। সঞ্জয়ের সমালোচনা করে ওয়ার্ন চুক্তির মারাত্মক লঙ্ঘন করেছেন বলে তারা মনে করেন। জয়পুরে গত সপ্তাহে ব্যাঙ্গালোরের বিপক্ষে হারের পর ওয়ার্ন সঞ্জয়কে অন্যায় ভাষায় আক্রমণ করে আসছেন বলে আরসিএ বিসিসিআই ও আইপিএলের কাছে অভিযোগ করে। যে পিচে রাজস্থান হোম গ্রাউন্ডের বিশেষ সুবিধা পায় সে পিচ দেয়া হয়নি ওই ম্যাচে। আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলা পিচেই খেলানো হয় ওয়ার্নের দলকে। কমিশন সঞ্জয়ের কাছে ওয়ার্নের ক্ষমা চাওয়ার ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখেছে। তবে শর্ত লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি হলে জরিমানা, ম্যাচ নিষেধাজ্ঞা, দলের পয়েন্ট কমিয়ে দেয়া এমনকি তিনটিই ঘটতে পারে বলে কমিশন সতর্ক করে দিয়েছে। ৯ মে পিচ বদলের পর থেকে ওয়ার্ন ও সঞ্জয় প্রকাশ্য তর্কযুদ্ধে লিপ্ত ছিলেন। আরসিএ রাজস্থানের পক্ষে থেকে ক্ষমা প্রার্থনা প্রস্তাব নাকচ করার পর মুম্বাইয়ে শুনানী অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/০০২৫ ঘ.