ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করলেও চাপ সামাল দিয়ে ভালো খেলা ক্রিকেটারদের শিখতে হবে বলে জানিয়েছেন জেমি সিডন্স।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজকে সামনে রেখে অনুশীলনের ফাঁকে জাতীয় দলের কোচ সাংবাদিকদের এ কথা বলেন।
অস্ট্রেলিয়াকে বেশ ভালোভাবেই চেনা আছে সিডন্সের। দলটি সম্পর্কে তিনি বলেন, "আমি দলটিকে বেশ ভালো করেই চিনি। তাদের জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। তবে সেগুলো মাঠে খেলোয়াড়দেরই বাস্তবায়ন করতে হবে।"
অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে ৪ এপ্রিল।
শুধু বিশ্বকাপ নয়, গত ১২ মাস ধরেই তার দল ভালো খেলছে বলে মনে করেন সিডন্স। ভালো খেলার কারণে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে। সে কারণে দলের উপর চাপ বাড়ছে। আর চাপের মধ্যে বাংলাদেশ এখনো ভালো খেলার মতো দল হয়ে উঠেনি।
রিকি পন্টিং অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর তিনি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করেন সিডন্স। বলেন, "রিকি নিঃসন্দেহে ভালো ক্রিকেটার। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় তার ওপর থেকে চাপ অনেক কমে যাবে।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রান করার পরও বাংলাদেশের বিশ্বকাপ অভিযানকে সফল বলে দাবি করেন সিডন্স।
এর ব্যাখ্যা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "ছয় খেলার মধ্যে দু'টোতে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেননি। চারটিতেই এসেছে দু'শ'রও বেশি রান। গত বিশ্বকাপে ৯ খেলার মধ্যে তিনটিতে দু'শ'র ওপর রান করেছিল বাংলাদেশ।
এই সিরিজে দলে নেই মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম ও নাজমুল হোসেন। তাদের মধ্যে জুনায়েদ ও নাঈমের বাদ পড়াকে দুভার্গ্যজনক বলে মনে করছেন সিডন্স।
জুনায়েদ ও নাঈমের জন্য কোচের আফসোস থাকলেও নতুনদের সাদরেই বরণ করে নিয়েছেন। দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালী। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শুভগত হোম চৌধুরী।
"অনুশীলনে শুভকে (শুভগত হোম চৌধুরী) দেখেছি। বেশ সম্ভাবনাময় ক্রিকেটার," বলেন তিনি।
কাপালীকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত সিডন্স। এ প্রসঙ্গে তিনি বলেন, "কাপালীকে পাওয়া দারুণ একটা ব্যাপার। পাওয়ার ক্রিকেট খেলতে তিনি অভ্যস্ত। ব্যাটিং পাওয়ার প্লেতে কাপালীকে কাজে লাগবে। এছাড়া ঘরোয়া লিগে তিনি রানের মধ্যেই ছিলেন। তার স্পিনও দলের কাজে লাগবে।"
খেলার মতো পুরো সুস্থ মাশরাফিকে সব সময়ই দলে চাই সিডন্সের। তাকে ফিরে পেয়ে বেশ খুশি বাংলাদেশ কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১১৪ ঘ.
bdnews24