ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ খেলায় জিততে চায় বাংলাদেশ। একই লক্ষ্য প্রতিপক্ষ আয়ারল্যান্ডেরও।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এর আগে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড খেলেছে একবার। সেই খেলায় বাংলাদেশ হার মানে ৭৪ রানের বড় ব্যবধানে।
তবে বাংলাদেশের মাটিতে ২০০৮ সালের মার্চে তিন ম্যাচের একদিনের সিরিজের সব খেলাতেই হারে আয়ারল্যান্ড।
এবারের বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় ও আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ। প্রথম খেলায় ভারতের বিপক্ষে ৮৭ রানে হেরে যায় বাংলাদেশ।
নিজেদের পরিবেশে বাংলাদেশ নিঃসন্দেহে শক্তিশালী দল। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা একদিনের সিরিজ জিতে তার প্রমাণও দিয়েছে।
প্রথম খেলার ভুল-ত্রুটি শুধরে নিয়ে আয়ারল্যান্ডকে মোকাবিলার জন্য প্রস্তুত সাকিব আল হাসানের দল। তিনি স্পিন দিয়েই বধ করতে চান প্রতিপক্ষকে।
একই লক্ষ্য আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পার্টারফিল্ডেরও। চার স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছেন তিনি।
তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, নাঈম ইসলামকে গঠিত বাংলাদেশের ব্যাটিংকে খুবই শক্তিশালী বলে মনে করছেন তিনি।
শফিউল ইসলাম ও রুবেল হোসেন প্রথম খেলায় ভালো কিছু করতে না পারলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা নিজেদের ফিরে পাবেন বলে আশা করছেন সাকিব।
তিনি মনে করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে স্পিনাররা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকায় আয়ারল্যান্ড বাংলাদেশের মাটিতেও গড়ে তুলতে পারে কড়া প্রতিরোধ।
বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা রয়েছে উইলিয়াম পর্টারফিল্ড, নিল ও'ব্রায়ান, কেভিন ও'ব্রায়ান, ট্রেন্ট জনস্টনদের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারো বাংলাদেশকে হারাতে চান তারা।
তবে প্রস্তুত বাংলাদেশও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৬ ঘ.
bdnews24