ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বাংলাদেশের বিপক্ষে বড় স্কোরের পথে হাঁটছে ভারত। উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের শতকের ওপর ভর করে ৪৭ ওভারে রান করেছে ৩ উইকেটে ৩৫৫।
৯৪ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। অন্য প্রান্তে ব্যাট করছেন ইউসুফ পাঠান।
এর আগে শেবাগ ১৭৫ রান করে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বলে বোল্ড হন।
এটিই বাংলাদেশের বিপক্ষে শেবাগের প্রথম শতক। আর বিশ্বকাপে দ্বিতীয়। এর আগে বাংলাদেশের বিপক্ষে তার সর্বোচ্চ রান ছিল ৭০।
সাজঘরে ফিরে গেছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ২৮ রান করে রান আউট হয়ে যান তিনি। মাহমুদুল্লাহর বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে গৌতম গম্ভির করেন ৩৯ বলে ৩৯ রান।
বাংলাদেশের দুই উদ্বোধনী বোলার শফিউল ইসলাম ও রুবেল হোসেন মোটেও সুবিধা করতে পারেননি। ফলে পঞ্চম ওভারেই শফিউলের বদলে স্পিনার আব্দুর রাজ্জাকের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ২৬০ রানের মধ্যে ভারতকে বেঁধে রাখতে চান তিনি। কেননা এর ভেতর যে কোনো রান তাড়া করে জেতার ক্ষমতা তার দলের রয়েছে।
অন্য দিকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, রাতে কুয়াশা পড়বে বলে তিনি প্রথমে বল করতে চেয়েছিলেন।
এবার নিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন শচীন টেন্ডুলকার। ফলে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের পাশে এসে দাঁড়ালেন তিনি। মিয়াঁদাদও ছয়বার বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলেছেন।
এছাড়া একদিনের খেলায় সবচেয়ে বেশি ৪৪৫টি ম্যাচ খেলার রেকর্ডও করলেন শচীন। শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া খেলেছেন ৪৪৪টি একদিনের ম্যাচ।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে রাখা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২৮ ঘ.
bdnews24