২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বড় জয়

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। বুধবার চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ৫ উইকেটে ৩৬০ রান করে। রান তাড়া করতে গিয়ে ৪৩ ওভার ১ বলে ২৪৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জেতার জন্য ৩৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গুপটিল ৯৪ রানের শক্ত ভিত্তি গড়ে দেন দলকে। ১৫তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরার আগে গুপটিল করেন ৩৮। দলীয় ১১৮ রানের মাথায় সাজঘরে ফেরেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাককালাম। ৫৪ বলে ৭ চারের সাহায্যে ৫৮ রান করেন তিনি। এরপর শুরু হয় ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া ও আসার পালা। ১৪৭ রানের মধ্যে ৫ উইকেট খুঁইয়ে বসলে পথ হারিয়ে ফেলে রস টেলরের দল। এরপর আর পথে ফেরা হয়ে উঠেনি নিউজিল্যান্ডের। আরো ৯৬ রান তুলতেই বিদায় নেন শেষ ৫ ব্যাটসম্যান। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন আশীষ নেহরা, যুবরাজ সিং, হরভজন সিং ও পিযুষ চাওলা। এর আগে ৪২ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার (১৭) ও বীরেন্দর শেবাগকে (২৩) হারালেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত শতকের ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারত ৫ উইকেটে করে ৩৬০। গৌতম গম্ভির ও বিরাট কোহলি তৃতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন ১০৬ রান। দলীয় ১৪৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান কোহলি। ৬৮ বলে ৭টি চারের সাহায্যে ৫৯ রান করেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে গম্ভির ও ধোনি ৬৮ রান করে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। ২১৬ রানের মাথায় বিদায় নেয়ার আগে গম্ভির করেন ৮৯। তার ৮৫ বলের ইনিংসে চার রয়েছে ১১টি। এরপর রীতিমতো ঝড় তোলেন ধোনি ও সুরেশ রায়না। মাত্র ৯ ওভার ২ বলে ১৩.২৮ গড়ে ১২৪ রান তোলেন তারা। মাত্র ২৬ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন রায়না। তখন দলের রান ছিল ৩৪০। রায়না তার ইনিংসটি সাজান চারটি ৪ ও তিনটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ১০৮ রানে অপরাজিত থাকেন ধোনি। তার ৬৪ বলের ইনিংসে চার রয়েছে ১১টি ও ছক্কা ৩টি। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন টিম সুথি ও জ্যাকব ওরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৫০ ঘ.