ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু বছর ধরে ভোগা হাঁটুর চোটের কাছে হেরে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন বাঁহাতি পেসার সোহাইল তানভীর।
২০০৯ সালের মে মাসের পর দেশের পক্ষে মাঠে নামতে না পারা এ পেসারের চোটকে দেখা হচ্ছে ক্যারিয়ার বিনাশী হুমকি হিসেবে।
তার বদলে দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী প্রতিশ্র"তিশীল বাঁহাতি পেসার মোহাম্মদ জুনায়েদ খান। বুধবার পিসিবি এ তথ্য জানায়। এ জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনও রয়েছে বলে তারা জানিয়েছে।
সফল শল্য চিকিৎসার পর পিসিবি চিকিৎসক প্যানেলের ছাড়পত্র পেয়ে সোহাইল নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচের একদিনের সিরিজে অংশ নেন। এতে ৫ ম্যাচ খেলে নেন ৪ উইকেট।
ওই সিরিজে শেষে নতুন করে পরীক্ষার পর সোহাইল খেলার জন্য শতভাগ ফিট নন বলে রায় দেয় চিকিৎসক প্যানেল।
"শল্য চিকিৎসার পর তিনি দ্রুত সেরে উঠছেন। তবে শতভাগ ফিট হতে এখনও তার বেশ সময় লাগবে।"
পুরনো বলে ভালো কয়েকটি স্পেল করলেও সিরিজে ওভার প্রতি রান দেন ৭ এর ওপর।
একদিনের ম্যাচে অভিষেকের অপেক্ষায় থাকা জুনায়েদ ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নেন। পাকিস্তান 'এ' দলের নিয়মিত সদস্য জুনায়েদ প্রায় এক বছর ধরে ছিলেন জাতীয় দলে ডাক পাওয়ার দোরগোড়ায়।
পাকিস্তানের সাবেক অফস্পিনার ও নির্বাচক ইকবাল কাশিম মুগ্ধ জুনায়েদের ধারাবাহিকতা ও গতিতে। তিনি মনে করেন, আমিরের আগে জুনায়েদকে পাকিস্তান দলে নেয়া উচিৎ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৩ ঘ.
bdnews24