ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়ার পর দ্রুত মাঠে ফেরার লক্ষ্য ছিল, সেটা করে দেখিয়েছেন বলে জানান মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, "আমি কথা রেখেছি।
শের ই বাংলা স্টেডিয়ামে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্্েরস বলেন, "জোর করে কিছু করছি না। সবই করছি ফিজিও মাইক হেনরির পরামর্শে। তবে আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।"
প্রিমিয়ার ডিভিশনের একটি খেলার সময় ২১ নভেম্বর চোট পান মাশরাফি। তারপর যেভাবে দ্রুত সেরে উঠেছেন তাতে সন্তুষ্ট দেশের সেরা এই পেসার।
মোহামেডানের বিপক্ষে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে ফিরে পাচ্ছিলেন বলে দাবি করে মাশরাফি বলেন, "দ্বিতীয় স্পেলে ছন্দে ফিরছিলাম। একটা পর্যায়ে এমনই মনে হচ্ছিল যে যে প্রতি বলেই উইকেট পেতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমার সামনে আর কোনো খেলা নেই।"
আপাতত কোনো খেলা না থাকায় জাতীয় দলের সঙ্গেই অনুশীলন করবেন বলে জানান মাশরাফি। একই সঙ্গে রোববার ফিজিও পা পরীক্ষা করে তার চোটের অবস্থা সম্পর্কে প্রতিবেদন দেবেন বলেও জানান তিনি।
শনিবার খেলার পর রোববার পুরো বিশ্রামে আছেন মাশরাফি। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি। বলেন, "ভারতের গত বিশ্বকাপ দলটি ছিল বেশ অভিজ্ঞ। এবার তাতে একটু ঘাটতি আছে। এছাড়া এবার দেশের মাটিতে আমরা কিছুদিন ধরে বেশ ভালো ক্রিকেট খেলছি।" একে তিনি বাড়তি অনুপ্রেরণা বলে মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০৬ ঘ.
bdnews24