ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থে সপ্তম ও শেষ একদিনের খেলায় ইংল্যান্ডকে ৫৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ফলে ৬-১ এ সিরিজ জিতে নিল স্বাগতিকরা। যদিও দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় আগেই নিশ্চিত করে তারা।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। খেলেছে ৪৪ ওভার।
জয়ের লক্ষ্য ২৮০ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড প্রথম বলেই অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে হারায়। শন টেইটের বলে উড়ে যায় তার উইকেট। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভ ডেভিসও ফেরেন খালি হাতে।
দলীয় ৫ রানে ২ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলের পক্ষে সবচেয়ে বেশি অপরাজিত ৬০ রান করেন মাইকেল ইয়ার্ডি। এছাড়া ম্যাট প্রায়র ৩৯ ও কেভিন পিটারসেন করেন ২৬।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন মিচেল জনসন ও টেইট। এজন্য জনসন দেন ১৮ রান। টেইট দেন ৪৮।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও অ্যাডাম ভোগসের অপরাজিত ৮০ ও ডেভিড হাসির (৬০) অর্ধ-শতকের সুবাদে লড়াই করার মত পুঁজি পায় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ৩টি এবং মাইকেল ইয়ার্ডি ও লিয়াম প্লাঙ্কেট ২টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/টিআর/১৮৪৬ ঘ.
bdnews24