২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামারাবীরা এগিয়ে রাখলেন শ্রীলঙ্কাকে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে থিলান সামারাবীরার অপরাজিত ৮৬ রানের সুবাদে দিন শেষে ৭ উইকেটে ২৮৯ রান করেছে শ্রীলঙ্কা। যদিও অভিষেকেই দুর্দান্ত বল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে থিলান সামারাবীরার অপরাজিত ৮৬ রানের সুবাদে দিন শেষে ৭ উইকেটে ২৮৯ রান করেছে শ্রীলঙ্কা। যদিও অভিষেকেই দুর্দান্ত বল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গে। ডি ল্যাঙ্গে ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট। কিংসমেডে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানে উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানাকে (১২) হারায় তারা। তবে সফরকারীদের বড় আঘাত দেন অভিষিক্ত ডি ল্যাঙ্গে। বদলি বোলার হিসেবে বল করতে নেমে কুমার সাঙ্গাকারাকে খালি হাতে ফেরান তিনি। এটা টেস্ট জীবনে তার প্রথম উইকেট। তৃতীয় উইকেটে অধিনায়ক তিলেকারতেœ দিলশান ও মাহেলা জয়াবর্ধনে ৩৭ যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ইমরান তাহিরের একটি ফুলটস বল লেগের দিকে ঘুরিয়ে মারতে গিয়ে মরনে মরকেলের হাতে ধরা পড়ে দিলশান (৪৭) বিদায় নিলে আবারো চাপে পড়ে সফরকারীরা। নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান সংগ্রহ করা মাহেলা জয়াবর্ধনে খেলছিলেন দেখেশুনেই। মরকেলের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৩১ রান। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সামারাবীরা। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৪৫ রান যোগ করেন তিনি। ব্যক্তিগত ৩০ রানে সাজঘরের পথ ধরেন ম্যাথিউস। ডি ল্যাঙ্গের বলে তারই হাতে ক্যাচ দেন তিনি। দলীয় সংগ্রহ ১৬২/৫। এই অবস্থায় ষষ্ঠ উইকেটে অভিষিক্ত দিনেশ চান্দিমালের সঙ্গে ১১১ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান সামারাবীরা। অর্ধশতকে পৌঁছে মরকেলের বলে মার্ক বাউচারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন চান্দিমাল (৫৮)। তার ৮৬ বলের ইনিংসে ৭টি চার। দিনের শেষ ওভারের তৃতীয় বলে থিসেরা পেরেরাকে (১২) হাশিম আমলার ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন ডি ল্যাঙ্গে। অনুশীলনে চোট পাওয়ায় টেস্টে খেলছেন না অভিষেকের পর থেকে দারুণ বল করা ভারনন ফিল্যান্ডার। অবশ্য তার অভাব অনুভব করতে দেননি ডি ল্যাঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২০৫ ঘ.