ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ঢাকা লিগ) জন্য ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ও শেষ পর্বের খেলা পিছিয়ে দেয়া হয়েছে।
শনিবার থেকে ওই খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি খেলা স্থগিত ঘোষণা করে।
এ বিষয়ে টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) জাতীয় লিগের খেলা আপাতত স্থগিত রাখার অনুরোধ করেছে। তারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্যায়ের খেলা আসছে বছরের ২ ফেব্র“য়ারি নাগাদ শেষ করতে চায়।”
“আরো কয়েকটি বিভাগও খেলা স্থগিত করার অনুরোধ জানিয়েছে। তাদের যুক্তি, ৫০ ওভারের ম্যাচ শেষ করেই খেলোয়াড়দের পক্ষে চারদিনের ম্যাচে খেলাটা বেশ কঠিন হবে,” যোগ করেন তিনি।
এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের আয়োজক সংস্থা সিসিডিএম লিগ শুরুর আগে ক্লাবগুলোকে প্রস্তুতি নেয়ার জন্য কিছুটা সময় দিতে চায়। ঢাকা লিগের খেলা ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
যদিও আরো আগেই তাদের লিগ শুরুর পরিকল্পনা ছিল। তবে জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম দিতেই ২৮ ডিসেম্বর থেকে লিগ মাঠে গড়াবে বলে জানান সিসিডিএম প্রধান জিএস হাসান তামিম। এসময় তিনি বলেন, ফেব্র“য়ারিতে বিপিএল টি-টোয়েন্টি আসর অনুষ্ঠিত হবে, তাই এবার ঢাকা লিগে টি-টোয়েন্টি থাকছে না।”
এদিকে জাতীয় লিগ পিছিয়ে গেলেও প্রতিযোগিতাটির শেষ তিনটি খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ার এখনো অনিশ্চিত। কারণ ফেব্র“য়ারির বিপিএল শেষে ক্রিকেটাররা মার্চে ব্যস্ত থাকবেন এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩৩ ঘ.
bdnews24