২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শততম শতক নিয়ে জমজমাট বাজির লড়াই

পুরো ক্রিকেট বিশ্ব অধীর অপেক্ষায় থাকলেও এখনো শততম আন্তর্জাতিক শতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি শচীন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো ক্রিকেট বিশ্ব অধীর অপেক্ষায় থাকলেও এখনো শততম আন্তর্জাতিক শতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি শচীন টেন্ডুলকার। তবে অস্ট্রেলিয়ার এক বাজিকর প্রতিষ্ঠানের ধারণা, ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টেই অনন্যসাধারণ অর্জনটায় পৌঁছে যাবেন ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। অনলাইন বাজিকর প্রতিষ্ঠান ‘স্পোর্টসবেট ডটকম ডট এইউ’ জানিয়েছে, প্রথম টেস্টে টেন্ডুলকারের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছানোর পক্ষে বাজির দর ৯/৪। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৯৯টি শতকের মালিক টেন্ডুলকার অস্ট্রেলিয়া সফর দারুণভাবে শুরু করেছেন। গত সপ্তাহে সিএ সভাপতি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ৯২ রানের চমৎকার এক ইনিংস এসেছে তার ব্যাট থেকে। ওই বাজিকর প্রতিষ্ঠানের কর্মকর্তা বেন হাওয়েস বলেন, “টেন্ডুলকার বেশ ভালো ছন্দে আছেন। অস্ট্রেলিয়া সফরে এরই মধ্যে সভাপতি একাদশের বিপক্ষে ৯০ ঊর্ধ্ব একটি ইনিংসও খেলেছেন। বক্সিং ডে টেস্টেই অসাধারণ অর্জনটা ছোঁয়ার ভালো সম্ভবানা রয়েছে তার।” “মেলবোর্নে ব্যর্থ হলেও পরের খেলার ভেন্যু সিডনি ক্রিকেট মাঠে তিনি লক্ষ্যে পৌঁছাতে পারেন। সিডনিতে বেশ কয়েক বার টেন্ডুলকার অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন,” যোগ করেন তিনি। সিডনিতে টেন্ডুলকারের শততম শতকের পক্ষে বাজির দর ৩/১। তৃতীয় ও চতুর্থ টেস্টের ভেন্যু পার্থ ও অ্যাডিলেডের ক্ষেত্রে তা যথাক্রমে ৫/১ ও ৭/১। আর এই মাইলফলক স্পর্শ না করেই তার অস্ট্রেলিয়া সফর শেষ করার পক্ষে বাজির দর ১২/৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৭ঘ.