২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো ম্যাচ বাঁচানো সম্ভব: ল

চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভার ব্যাট করে ৫ উইকেট হারানোর পরও ঢাকা টেস্ট বাঁচানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভার ব্যাট করে ৫ উইকেট হারানোর পরও ঢাকা টেস্ট বাঁচানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ল বলেন, “এখনো ম্যাচ বাঁচানো সম্ভব। তবে তার জন্য আমাদের শেষ দিন (বুধবার) দুই বা আড়াই সেশন ব্যাট করতে হবে।” ঢাকা টেস্টে আটটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডররা। এ নিয়ে দলের ভাবনা কী জানতে চাইলে ল বলেন, “বিষয়টি নিয়ে ভাবছি আমরা। বোলাররা খুব ভালো বল করেছে, নিয়মিত সুযোগ তৈরি করেছে। কিন্তু সেগুলো কাজে লাগানো যায়নি।” “আমরা নিয়মিত ক্যাচিং অনুশীলন করি। কখনোই একটি খেলায় সব ক্যাচ ধরা যায় না। তবে সেগুলো ধরার চেষ্টা করতে হবে। যদিও এটা খেলারই অংশ। তবুও এসব সুযোগ হাত ছাড়া করার কোনো অজুহাত নেই,” যোগ করেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভুল থেকে শিখছে কী না জানতে চাইলে তিনি বলেন, “আমরা ওয়ানডে বেশি খেলি। ব্যাটিংয়ে আসলে সেটারই প্রভাব দেখা যায়।” “এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বেশি করে বড় দৈর্ঘ্যরে ম্যাচ খেলতে হবে। ঘরোয়া ক্রিকেটে আরো বেশি করে চারদিনের ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে হবে,” যোগ করেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে কোনো ক্ষোভ নেই জানালেও তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীসের আউট দুটি প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন ল। বাংলাদেশে ক্রিকেট প্রতিভার কোনো কমতি আছে বলে মনে করেন না ল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। অবশ্য স্টুয়ার্ট লয়ের ঠিক উল্টো ভাবনা মোহাম্মদ হাফিজের। তিনি মনে করেন, বুধবার যখনই খেলা শুরু হোক জয়ের বেশ ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। তিনি বলেন, “এই টেস্টে আমরা এখন চালকের আসনে। এটা দলীয় একটি প্রচেষ্টা। কাল যখনই খেলা শুরু হোক আমরা তা দ্রুত শেষ করতে চাই।” “আজ (মঙ্গলবার) বল অনেকখানি ঘুরেছে। আমরা জানতাম ১৫০ বা তার কাছাকাছি রানের লিড নিতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলা সম্ভব,” যোগ করেন তিনি। উমর গুল ও আইজাজ চিমার প্রশংসা করে হাফিজ বলেন, “নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে ফেলা সম্ভব হবে জানতাম। গুল ও চিমা দারুণ বল করেছেন। কন্ডিশন থেকে পাওয়া সুবিধা তারা কাজে লাগিয়েছেন। কাল আমাদের ঠিক এমনটাই করতে হবে। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ম্যাচ জয়ের বেশ ভালো সম্ভবনা রয়েছে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৪৩ ঘ.