ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শেষে জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকের শতকের সুবাদে ঢাকা মেট্রোর বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী।
রাজশাহী-ঢাকা মেট্রো
সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর প্রথম ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ৩৫৫ রান। সুবাদে ১৫৪ রানে এগিয়ে আছে তারা। প্রথম ইনিংসে ঢাকা মেট্রো করেছে ২০১ রান।
জহুরুল ব্যাট করছেন ১৬৭ রান নিয়ে। তার ৩৮১ বলের ইনিংসটি সাজানো ১৯টি চার ও তিনটি বিশাল ছক্কায়।
১ উইকেটে ৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা রাজশাহীকে শক্ত অবস্থানে নিয়ে যায় জহুরুল ও জুনায়েদের মধ্যে গড়ে ওঠা ৩৪৫ রানের দ্বিতীয় উইকেট জুটি।
আরাফাত সানিকে ফিরতি ক্যাচ দেয়ার আগে ১৬১ রান করেন জুনায়েদ। ৩২২ বলের ইনিংসটিতে ১৮টি চার ও একটি ছক্কা।
খুলনা-সিলেট
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভালোই জবাব দিচ্ছে সিলেট। ৮ উইকেটে ২৯৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা খুলনা মিথুন আলী (১০৯) আউট হওয়ার সঙ্গে-সঙ্গেই ৯ উইকেটে ৩০১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।
জবাবে রাজিন সালেহ ও গোলাম মাবুদের অর্ধশতকের সুবাদে দিন শেষে সিলেটের সংগ্রহ ৮ উইকেটে ২৪৪ রান।
শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি সিলেটের। ডলার মাহমুদের করা প্রথম ওভারেই ইমতিয়াজ হোসেন ও শাকের আহমেদ আউট হয়ে যান। তখনো রানের খাতা খুলতে পারেনি সিলেট।
তৃতীয় উইকেটে সায়েম আলম (২৭) ও রাজিনের মধ্যে গড়ে ওঠা ৬১ রানের জুটির সৌজন্যে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলো সিলেট। কিন্তু আব্দুর রাজ্জাক সায়েমকে ফেরালে আবার বিপদে পড়ে যায় তারা।
এই অবস্থায় রাজিন ও অলক কাপালীর ৮২ রানের চতুর্থ উইকেট জুটি কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে সিলেটের সাজঘরে। তবে আল-আমিন হোসেনের জোড়া আঘাতে ১৬ রানের ব্যবধানে ফিরে যান অলক (৪১) ও রাজিন (৫৯)।
১৬০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে রাজিনের বিদায়ের পর প্রায় একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন মাবুদ। দিন শেষে তিনি ৫৬ রানে অপরাজিত।
৫২ রানে ৩ উইকেট নেয়া ডলার খুলনার সফলতম বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৯ঘ.
bdnews24