২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের কণ্ঠে তামিমকে না পাওয়ার হতাশা

ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে একমাত্র টি-টোয়েন্টিতে ৫০ রানে হার মেনে ভীষণ হতাশ মুশফিকুর রহিম। ম্যাচশেষে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে না পাওয়ার বেদনার কথা প্রতিধ্বনিত হলো বাংলাদেশের অধিনায়কের কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে একমাত্র টি-টোয়েন্টিতে ৫০ রানে হার মেনে ভীষণ হতাশ মুশফিকুর রহিম। ম্যাচশেষে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে না পাওয়ার বেদনার কথা প্রতিধ্বনিত হলো বাংলাদেশের অধিনায়কের কণ্ঠে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তামিম ইকবালের জন্য আমরা টস পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তিনি থাকলে আজ (মঙ্গলবার) ফলাফল অন্যরকমও হতে পারতো।”

“তামিম থাকলে আমরা হয়তো ভালো সূচনা পেতাম। আর তা হলে পরের ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যেতো,” যোগ করেন তিনি।

মঙ্গলবার সকালে হাঁটুতে ব্যথা অনুভব করায় তামিম খেলেননি বলে জানান মুশফিক। তিনি বলেন, “তামিম না খেলায় আমাদের ব্যাটিং লাইনআপেও পরিবর্তন আনতে হয়েছে। খেলায়ও এর প্রভাব পড়তে পারে। যার হয়তো পাঁচ নম্বরে খেলার কথা তাকে নামতে হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে।”

তবে ১৩৬ রান তাড়া করতে গিয়ে মাত্র ৮৫ রানে থেমে গেলেও দলের ব্যাটসম্যানদের দোষ দেননি মুশফিক। বাংলাদেশের অধিনায়ক বরং প্রশংসা করেছেন পাকিস্তানের বোলারদের।

তিনি বলেন, “ওদের বোলিং আক্রমণ আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আজ পুরো ম্যাচেই তারা ঠিক জায়গায় বল ফেলে গেছেন। তবে আমরা নেতিবাচক ব্যাট করিনি। আমাদের ব্যাটসম্যানরাও বাজে শট খেলে আউট হননি। ব্যাটিং-প্রয়োগে হয়তো একটু ভুল ছিলো।”

মুশফিক বরং বোলারদের কাছ থেকে আরেকটু প্রত্যাশা করেছিলেন। তিনি বলেন, “ওদের ১২০-১২৫ এর মধ্যে অলআউট করতে পারলে ভালো হতো। আজ বোলাররা যে খুব ভালো বল করেছেন তা বলা যাবে না। অবশ্য খারাপও করেননি। তবে জিততে হলে তাদের আরো ভালো বল করতে হবে।”

এই উইকেটে যে রান করা সহজ নয় ম্যাচশেষে তা নির্দ্বিধায় মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেন, “এই উইকেটে রান করা সহজ ছিলো না। উইকেটে বেশ টার্ন ছিলো, বল বাউন্সও করছিলো। তাই ১৩৫ রান করলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা।”

প্রায় একই কথা ম্যাচ সেরা মোহাম্মদ হাফিজের কণ্ঠেও। তিনি বলেন, “আমরা জানতাম এখানে স্পিনারদের বিপক্ষে রান পাওয়া বেশ কঠিন হবে। আমাদের লক্ষ্য ছিলো প্রথম ৬ ওভারে যতটা সম্ভব কম রান দেয়া।”