২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 03:27 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুকতারা রহমান ও শারমীন সুপ্তার অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২১০ রান করে বাংলাদেশ। জবাবে ৪৫ ওভার ৪ বলে ১২৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে পেসারদের সামলাতে খুব একটা বেগ পেতে হয়নি সিসিলিয়া জয়েস ও মেলিসা স্কট-হেওয়ার্ডের। তবে স্পিনাররা আসার পর থেকে খেলার চিত্র পাল্টে যেতে থাকে। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠা ৪১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট নেন সালমা খাতুন। তার বলে লতা মণ্ডলের কাছে ক্যাচ দেন হেওয়ার্ড (১১)। প্রথম উইকেট তুলে নিতেই যা একটু বেগ পেতে হয়েছে বাংলাদেশের। এর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের ভালো বোলিংয়ের পাশাপাশি তিনটি রান আউট আয়ারল্যান্ডকে আরো বিপদে ফেলে দেয়। সিসিলিয়া জয়েস (৪২) ছাড়া আর কেউ সেভাবে বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ জানাতে পারেন নি। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান উইকেটরক্ষক ম্যারি ওয়ালড্রন। ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ৩ উইকেট নেন ৩৪ রানে। এর আগে আয়েশা আক্তারের বদলে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই আলো ছড়িয়েছেন শারমীন। উদ্বোধনী জুটিতে শুকতারার সঙ্গে ১১৩ রানের বড় জুটি গড়ে তুলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলটিতে চার মেরে বাংলাদেশকে আত্মবিশ্বাসী সূচনা এনে দেন শুকতারা। নিজের অর্ধশতকে পৌঁছে শারমীন (৫২) রান আউট হয়ে গেলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তার ৮৮ বলের ইনিংসে ছয়টি চার। দেশের পক্ষে প্রথম অর্ধশতক আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে শুকতারা ও ফারজানা হক ২৬ রান যোগ করেন। লরা কুলেনের বলে উইকেটরক্ষক ম্যারি ওয়ালড্রনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ফরজানা করেন ১৩ রান। অর্ধশতকে পৌঁছার পর রান সাজঘরের পথ ধরেন শুকতারাও (৫৩)। দলের রান তখন ১৪৫। শুতারার ১১৯ বলের ইনিংসে পাঁচটি চার। অধিনায়ক সালমা খাতুন (৪) দ্রুত বিদায় নিলে ভালো অবস্থানে থেকেও হঠাৎ করে চাপে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে লতা মণ্ডল ও রুমানা আহমেদ ৬১ রান যোগ করে বাংলাদেশকে লড়াই করার পুঁজি গড়ে দেন। ২৮ বলে তিনটি চারের সাহায্যে ২৭ রান করে লতা আউট হয়ে গেলেও ৩৬ বলে অপরাজিত থাকেন রুমানা। তার ২৯ বলের ইনিংসে ছয়টি চার রয়েছে। ইসোবেল জয়েসের করার ৪৯তম ওভারে টানা চারটি চার তুলে নেন তিনি। আয়ারল্যান্ডের পক্ষে জিল হোয়েলান ৩ উইকেট নেন ৩১ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫১৮ ঘ.