২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ৬ রানের জন্য পারলেন না টেন্ডুলকার

মাত্র ছয় রানের জন্য শততম আন্তর্জাতিক শতকের দেখা পেলেন না শচীন টেন্ডুলকার। সাজঘরে ফিরে যান তিনি ৯৪ রান করে। খেলার এই অবস্থায় ভারতের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র ছয় রানের জন্য শততম আন্তর্জাতিক শতকের দেখা পেলেন না শচীন টেন্ডুলকার। সাজঘরে ফিরে যান তিনি ৯৪ রান করে। খেলার এই অবস্থায় ভারতের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টেস্টের চতুর্থ দিন শুক্রবার মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ভারত রান তুলেছে ৬ উইকেটে ৩৭৬। অর্থাৎ প্রথম সেশনে দলটি যোগ করেছে ৯৫। ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ১৫ রান। হাতে আছে চার উইকেট। ওয়েস্ট ইন্ডিজ প্রথম পালায় করে ৫৯০ রান। উইকেটে আছেন বিরাট কোহলি ৩৩ রান নিয়ে। অন্য প্রান্তে রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত রয়েছেন ২৬ রানে। টেন্ডুলকার এমনভাবে ব্যাট করছিলেন যে মনে হচ্ছিল শততম শতক পেয়ে যাচ্ছেন তিনি ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বল খেলছিলেন মাঝ-ব্লেড দিয়ে। টাইমিংও হচ্ছিল চমৎকার। কিন্তু হঠাৎ একটা বাজে শট খেলে বসলেন তিনি পেসার রবি রামপলের বলে। অফ-স্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে সেকেন্ড স্লিপে ড্যারেন স্যামির হাতে। টেন্ডুলকার যখন সাজঘরে ফিরে যাচ্ছিলেন তখন ৩২ হাজার আসনের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ১৫ হাজার দর্শকের মধ্যে নেমে আসে নীরবতা। আর মাঠে তখন ঠিক উল্টো চিত্র। উল্লাসে মাতোয়ারা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। টেন্ডুলকার দিনের খেলা শুরু করেন ৬৭ রান নিয়ে। তার ১৫৩ বলের ইনিংসে চার রয়েছে আটটি ও ছক্কা দুটো। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি তার কথা ঠিকই রাখলেন। আগেভাগে টেন্ডুলকারকে আউট করে ভারতীয়দের হৃদয় ভেঙে দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। এবং ভেঙেও দিলেন। সকালের সেশনে ওয়েস্ট ইন্ডিজ সাজঘরে ফেরত পাঠান ভিভিএস লক্ষ্মণ (৩২) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও (৮)। এবার নিয়ে ১৮৪ টেস্টে টেন্ডুলকার দশবার ৯০-এর ঘরে আউট হলেন। টেন্ডুলকার তার ৯৯তম আন্তর্জাতিক শতকে পৌঁছান মাচের্, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে। ইংল্যান্ডের বিপক্ষে অগাস্টে চতুর্থ টেস্টে শততম শতকটি প্রায় ধরেই ফেলেছিলেন। কিন্তু ৯ রানের জন্য পারেননি। আউট হন তিনি ৯১ রান করে। তিন টেস্টের সিরিজ ভারত জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৪ ঘ.