২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের স্বপ্ন পূরণের সামনে শ্রীলঙ্কার বাধা

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পূরণে সেই শ্রীলঙ্কাই এখন সবচেয়ে বড় বাধা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল নয়টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পূরণে সেই শ্রীলঙ্কাই এখন সবচেয়ে বড় বাধা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল নয়টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। সম্ভবত এটাই মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ এই ম্যাচ জিতলেই বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে। সেই সঙ্গে নিশ্চিত হবে ওয়ানডে মর্যাদাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথেও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার জন্যও এই ম্যাচের গুরুত্ব কম নয়। বাংলাদেশের কাছে হেরে গেলে তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। তখন ওয়ানডে মর্যাদা ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়তে হবে শ্রীলঙ্কার মেয়েদের। শ্রীলঙ্কার কাছে টানা পাঁচ ম্যাচ হেরে গেলেও তা নিয়ে শঙ্কিত নন মমতা মাবেন। বাংলাদেশের কোচ বলেন, “আমরা ওদের কাছে শেষ পাঁচ ম্যাচে হেরেছি ঠিকই, তাই বলে এবারও আমাদের জেতার সম্ভাবনা নেই তা কিন্তু নয়।” “ওই ম্যাচগুলোতে আমরা লড়াই করেই হেরেছি। বেশ কয়েকটি ক্যাচ ফেলার মাশুল দিয়ে আমাদের হার মানতে হয়েছিলো,” যোগ করেন তিনি। মমতার ধারণা কাগজে-কলমে দুই দলের শক্তির ব্যবধান ৬৫-৩৫। তিনি বলেন, “শ্রীলঙ্কা বেশ শক্তিশালী দল। তবে আমরা ওদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। ওদের সঙ্গে আমাদের মূল পার্থক্য অভিজ্ঞতায়। ওদের দলের অনেকেই সাত-আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন।” বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও সবচেয়ে বড় শক্তি বোলিং। প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আক্রমণের সঙ্গে লড়াই করে ম্যাচ জেতার মতো স্কোর গড়তে হলে অধিনায়ক সালমা খাতুন, শুকতারা রহমান আর ফারজানা হক পিঙ্কিকে বড় ইনিংস খেলতে হবে বলে মনে করেন মমতা। দলের বোলিং নিয়ে বাংলাদেশের কোচ বেশ সন্তুষ্ট। স্বাগতিকদের বোলিংয়ের প্রধান শক্তি স্পিন আক্রমণ। খাদিজা তুল কোবরা, সালমা, শুকতারা ও রুমানা আহমেদ যথাক্রমে ১২, ৮, ৬ ও ৪ উইকেট নিয়ে নিজেদের সামর্থ্যরে প্রমাণও দিয়েছেন ভালোমতোই। মঙ্গলবার ফতুল্লায় সেমিফাইনালে ওঠার আরেকটি লড়াইয়ে প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিকেএসপিতে দিনের অন্য খেলায় নবম স্থান নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪০ঘ.