ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান জাতীয় দলে আবারও দেখা যেতে পারে ইমরান নাজির, জুলকারনাইন হায়দার ও মোহাম্মদ খলিলকে। আর তা হতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরেই।
বাংলাদেশ সফরের জন্য সোমবার দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
পিসিবির এক কর্মকর্তা জানান, "নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের চতুর্থ ওয়ানডে (রোববার) পর্যন্ত অপেক্ষা করবে। তার পরই দল ঠিক করা হবে।"
তবে পিসিবির অন্য একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের বাইরে চলে যাওয়া ঐ তিন ক্রিকেটারকে ফেরাতে আগ্রহী পিসিবি। সেজন্যই চূড়ান্ত দল নির্বাচনের জন্য একটু বেশিই সময় নিচ্ছে তারা।
সূত্রটি জানায়, "ইমরান নাজির, জুলকারনাইন হায়দার ও মোহাম্মদ খলিলকে আসন্ন সফরে দলে ফেরানোর কথা ভাবা হচ্ছে।"
উদ্বোধনী ব্যাটসম্যান নাজির জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০১০ সালের ফেব্র"য়ারিতে, দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তার সর্বশেষ ওয়ানডে ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এক যুগেরও বেশি আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দল থেকে বেশ কয়েক বার বাদ পড়ায় ৮টি টেস্ট, ৮৯টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টির বেশি খেলার সুযোগ পাননি নাজির।
পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা নাজিরকে জাতীয় দলে ফিরিয়ে আনতে খুবই আগ্রহী বলেও জানিয়েছে ওই সূত্র।
নাজির বর্তমানে ঘরোয়া ক্রিকেটে জারাই তারাকিয়াতি ব্যাংকের হয়ে খেলেন। কাকতালীয়ভাবে উইকেটরক্ষক জুলকারনাইন ও বাঁহাতি পেসার খলিলও একই দলের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০২ঘ.
bdnews24