ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন জন অর্ধশতক করলেও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ২৬৬ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। মাত্র ২৫ রানে শেষ ৬টি উইকেট পড়েছে।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
দলীয় ৪৩ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক রুডলফ (৩০) ও অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১১) হারালেও হাশিম আমলা ও জ্যাক ক্যালিস অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনেন স্বাগতিকদের সাজঘরে। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৮০ রান।
তবে মাত্র ছয় রানের ব্যবধানে ক্যালিস ও আমলাকে হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ক্যালিস ৪১ বলে ৫৪ ও আমলা ৭০ বল খেলে করেন ১৯ রান।
এরপর এবি ডি ভিলিয়ার্স ও অ্যাশওয়েল প্রিন্সের পঞ্চম উইকেট জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলো স্মিথের দলকে। কিন্তু ঠিক ৫০ রান করে নাথান লিওনকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে মিচেল জনসনের হাতে ধরা পড়েন প্রিন্স। ১১২ রানের এই জুটিই দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ।
পরের ওভারেই বিদায় নেন ডি ভিলিয়ার্স। ৯৭ বলে দলীয় সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি।
এরপর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে স্বাগতিকরা। ৭১তম ওভারের শেষ বলে অলআউট হয়ে যায় তারা।
৬৯ রান দিয়ে ৩ উইকেট নেন পিটার সিডল। ২টি করে উইকেট নেন লিওন ও মাইকেল ক্লার্ক।
আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া আর ব্যাট করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৭ঘ.
bdnews24