ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তান মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মহিলা দল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হবে।
গত বিশ্বকাপে ষষ্ঠ স্থান অধিকার করা পাকিস্তান টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ওই বিশ্বকাপের পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মানছেন বাংলাদেশের কোচ মমতা মাবেন।
বাছাই পর্বের বাধা পেরুতে হলে বাংলাদেশকে আয়ারল্যান্ড ও জাপানকে তো বটেই ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের যে কোনো একটি দলকে হারাতে হবে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টানা পাঁচ ম্যাচ হেরেছে বাংলাদেশ।
তবে পাকিস্তানের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ।
উদ্বোধনী জুটি প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে। তার চাপ পড়েছে মাঝসারিতে। তারা চাপ কাটিয়ে উঠার মুহূর্তে আউট হয়ে গেলে আবারো বিপদে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং নিয়ে এই হল মমতার মূল্যায়ন।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বেশ পরিবর্তন আসতে পারে। প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশের ১৮০ বা তার কাছাকাছি রান করার সামর্থ্য রয়েছে বলে মনে করেন মমতা।
আর এই রান নিয়ে লড়াই করার মতো বোলিং শক্তি তার দলের রয়েছে বলে কোচের দাবি। দলের পেস আক্রমণকে বেশ শক্তিশালী মানলেও বাংলাদেশের স্পিন আক্রমণকেই বড় ভরসা মানছেন তিনি।
২০০৯ এর বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমকে দিয়েছিল পাকিস্তান। ওই দলের চেয়ে এবারের দলটি আরো পরিণত।
এছাড়াও প্রথম দিন ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, বিকেএসপি-২ এ খেলবে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে এবং বিকেএসপি-৩ এ খেলবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৫১ ঘ.
bdnews24